স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১১ আগস্ট: তহবিলের সঠিক
হিসাব না দেওয়া, ছাড়পত্রের ফি বৃদ্ধি এবং বিশ্বকর্মা পূজার প্রস্তুতি নিয়ে বৈঠক না
করার অভিযোগে মঙ্গলবার সাব্রুমে বিক্ষোভে সামিল হয় বাস-জীপ চালক ও পরিবহন শ্রমিকরা।
বিক্ষোভকারীরা সাউথ ত্রিপুরা বাস-জীপ চালক সংঘের প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে পরিবহন
পরিষেবা বন্ধ করে দেন।আন্দোলনকারীদের অভিযোগ, গত ৩-৪ বছর ধরে সংঘের তহবিলে জমা হওয়া
অর্থের সঠিক হিসাব দেওয়া হচ্ছে না। পাশাপাশি সাব্রুম স্ট্যান্ডের কমিটি মনুবাজারের
সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এবং ছাড়পত্রের ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা
করা হয়েছে।
বিশ্বকর্মা
পূজার প্রস্তুতি ও তহবিলের হিসাব নিয়ে জরুরি বৈঠক না করার অভিযোগও তোলেন তারা। আন্দোলনের
জেরে আগরতলা-সাব্রুম রুটে বড় বাস ও ছোট মালবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সাব্রুমে
প্রবেশের আগে সড়কের পাশে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ
যাত্রীরা। আন্দোলনকারীদের দাবি, তহবিলের সঠিক হিসাব প্রকাশ এবং পূর্বের নিয়ম অনুযায়ী
১০ টাকা ছাড়পত্র ফি চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের
হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান