স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১১ আগস্ট:গ্রামীণ এলাকায়
সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি হলেও এক শ্রেণির
দুষ্কৃতকারীর তৎপরতায় সেই পরিষেবা বার বার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। তেলিয়ামুড়া মহকুমার
চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের ভূমিহীন টিলা এলাকায় পানীয় জলের পাইপ লাইন কেটে দেওয়ার অভিযোগ
ঘিরে এমনই চাঞ্চল্য ছড়িয়েছে। তেলিয়ামুড়া ডি ডব্লিউ এস দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
এ. দেববর্মার অভিযোগ, ভূমিহীন টিলা এলাকায় দিনের আলোয় কিংবা রাতের অন্ধকারে বার বার
পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।
ফলে পাইপলাইন মেরামতের পর কিছুদিন যেতে না যেতেই
ফের একই ধরনের ঘটনা ঘটছে। এর জেরে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ করা কার্যত
কঠিন হয়ে পড়ছে। দফতরের দাবি, সরকারি অর্থে তৈরি জল সরবরাহ ব্যবস্থার পাইপলাইন নষ্ট
হওয়ার কারণে শুধু দফতরের কাজের চাপই বাড়ছে না, দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকেও।
বার বার পাইপলাইন মেরামত করেও সমস্যার স্থায়ী সমাধান করা যাচ্ছে না বলে জানা গিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান