স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : প্রবল বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে দুর্বল হয়েছে চকমাঘাটের দীর্ঘদিনের পুরোনো বাঁধ। যে কোনো সময় সুইচ গেইট ভেঙ্গে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে জনমনে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটের ব্যারেজে।
জানা যায়, বৃহস্পতিবার কয়েক ঘন্টার পরপরই চাকমাঘাট বাঁধের সাতটি লোহার সুইচ গেইটের মধ্যে ছয় নম্বর গেইটটি অতিরিক্ত জলপ্রবাহের কারণে নষ্ট হয়ে যায়। বাকি আরো ছয়টি গেইট জলপ্রবাহের কারণে সুইচ গেইট গুলির উপর দিয়ে অতিরিক্ত গতিতে প্রবাহিত হতে থাকে।
যার ফলে এই সুইচ গেইট গুলি এতটাই নড়বড়ে হয়ে যায় যে গোটা ব্যারেজ কাঁপতে থাকে বলে স্থানীয়দের বক্তব্য। শুক্রবার এলাকার সাধারণ মানুষ আশঙ্কা ব্যক্ত করে বলেন, অবিলম্বে যদি এই ব্যারেজ নিয়ে যদি কোন প্রকারের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা না হয় তাহলে জল আটকানো মুশকিল হয়ে পড়তে পারে। পাশাপাশি ছয় নং গেইট মেরামতের ব্যাবস্থা করা না হলে যে কোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয় এক যুবক জানান, ইতিমধ্যে ৬ নম্বর গেট ভেঙে গেছে। এক নম্বর গেট ও ৫ নম্বর গেটও ভাঙার সম্ভাবনা প্রবল। শুক্রবার অর্ধেক বেলা গড়িয়ে গেলেও প্রশাসনিক কোন কর্মী ঘটনাস্থল পরিদর্শনে যায় নি। এদিকে এলাকা সূত্রে খবর, আজ থেকে বিগত ১২ বছর আগে এই বাঁধের ছয় নম্বর গেইট'টি একবার মেরামত করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে গুরুত্ব সহকারে এই বাঁধের মেরামতে কোন প্রকারের কাজ করা হয়নি বলে অভিযোগ। যার ফলে বর্তমানে এক প্রকার আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চাকমাঘাট বাঁধের ছয় নম্বর গেইট'টি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান