Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য গ্র্যাচুইটির বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ এক চা শ্রমিকের

গ্র্যাচুইটির বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ এক চা শ্রমিকের

গ্র্যাচুইটির বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ এক চা শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর : দীর্ঘ ৩২ বছর চাকরি করেও গ্র্যাচুইটির বকেয়া টাকা না পাওয়ার অভিযোগ এক চা শ্রমিকের। অভিযোগ, সাব্রুম মহকুমার ছোট খিল বাজার সংলগ্ন লীলাঘর চা বাগানে দীর্ঘ ৩২ বছর সুনামের সঙ্গে চাকরি করার পর শারীরিক অসুস্থতার কারণে গত ৩১শে আগস্ট কর্মজীবন থেকে অব্যাহতি নেন লীলাঘর চা বাগানের শ্রমিক শিবু প্রসাদ নাথ। পদত্যাগের পর প্রায় তিন মাস অতিবাহিত হলেও তিনি গ্র্যাচুইটির একটি টাকাও পায় নি বলে অভিযোগ।তার অভিযোগ, এর আগে আরও তিনজন শ্রমিক পদত্যাগ করলেও ২৪ ঘণ্টার মধ্যে তাদের সম্পূর্ণ পাওনার টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। অথচ তার তিন মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি।

এমনকি তার এক ছেলে বিজ্ঞান বিভাগ থেকে ৮৩ শতাংশ নম্বর নিয়ে পাস করলেও অর্থাভাবের কারণে তাকেও তিনি পড়াশোনা করাতে পারছেন না। বর্তমানে তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ​ভুক্তভোগী শ্রমিক আরও জানান, লীলাঘর চা বাগানের বর্তমান চার্জে রয়েছেন জীবন রায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে রয়েছেন হরলাল দাস। এই দুজনের উপর নির্ভর করেই বর্তমানে বাগান চলছে। অভিযোগ, পূজা বা বিভিন্ন সময়ে শ্রমিকদের বোনাস বা অন্যান্য পাওনা দেওয়ার ক্ষেত্রেও নানা জটিলতা ও হয়রানির শিকার হতে হয় শ্রমিকদের। সরকারের নিয়ম অনুযায়ী ২৩ শতাংশ বোনাস পাওয়ার কথা থাকলেও অতীতে তাদের কম বোনাস দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। গ্র্যাচুইটির বকেয়া টাকা পাওয়ার দাবিতে শিবু প্রসাদ নাথ একাধিকবার শ্রমদপ্তর ও সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও এখনও পর্যন্ত কোনো সমাধান পাননি। এই বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট হস্তক্ষেপ ও দ্রুত বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন এই ভুক্তভোগী শ্রমিক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha