Tuesday, November 3, 2026
বাড়ি রাজ্য বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৯

বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৯

বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৯

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ নভেম্বর :সিপাহিজলা জেলার বক্সনগরের অন্তর্গত আশাবাড়ি গ্রামে গত ২ নভেম্বর সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানদের উপর হামলার ঘটনায় ছয় পুরুষ ও তিন মহিলা-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।

ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ সুপার জানান, সকাল প্রায় ৯টা নাগাদ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানরা তাঁদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় তাঁরা একটি সন্দেহজনক পাচারকার্য লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে অভিযুক্তদের আটক করতে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান জওয়ানরা।

কিন্তু পাচারকার্য বন্ধ করতে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সন্দেহভাজন পাচারকারীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে এবং তাঁদের উপর হামলার চেষ্টা করে। এই সময় বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়ে সন্দেহভাজন গাঁজার একটি চালান বাজেয়াপ্ত করতে সক্ষম হন।

পুলিশ সুপার আরও জানান, প্রথমে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পরবর্তীতে অতিরিক্ত লোকজন নিয়ে পুনরায় ফিরে আসে। এরপর তারা রাস্তা অবরোধ করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।

পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিএসএফের এক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অন্যান্য জওয়ানদের নিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। অভিযোগ, সেই সময় ওই আধিকারিক ও তাঁর দলকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। হামলার সময় তাঁদের অস্ত্রশস্ত্রও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দেববর্মা জানান, এই ঘটনায় বিএসএফের দুই কনস্টেবল এবং একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট গুরুতর আহত হয়েছেন। হামলার খবর পেয়ে পুলিশ ও বিএসএফের অন্যান্য জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত নিরাপত্তাকর্মীদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পুলিশ সুপার বলেন, এই হামলা অত্যন্ত গুরুতর এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের কাজে বাধা দেওয়া কিংবা তাঁদের উপর হামলার ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট জানান।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে।

পুলিশ সুপার বলেন, “তল্লাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে সরাসরি জড়িত ছয় পুরুষ ও তিন মহিলা-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হবে।”

তিনি জানান, ঘটনার তদন্ত এখনও চলছে। হামলার সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। তদন্তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha