Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনআস্থাকে হাতিয়ার করেই নগর ভোটে নামবে বিজেপি : মুখ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনআস্থাকে হাতিয়ার করেই নগর ভোটে নামবে বিজেপি : মুখ্যমন্ত্রী

আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনআস্থাকে হাতিয়ার করেই নগর ভোটে নামবে বিজেপি : মুখ্যমন্ত্রী



আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.) : আইনশৃঙ্খলা, সার্বিক উন্নয়ন এবং সরকারের প্রতি জনগণের আস্থাকে সামনে রেখেই আসন্ন নগর নির্বাচনে মানুষের কাছে যাবে বিজেপি। গত নির্বাচনের মতো এবারও ২১টি নগর সংস্থার নির্বাচনে ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী দল। বিরোধীদের প্রতি মানুষের মনে কোনও জায়গা থাকবে না বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

শনিবার নগর নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য বিজেপি সম্পূর্ণ প্রস্তুত। গত নগর নির্বাচনে দল ভালো ফলাফল করেছিল। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি হবে বলে তিনি আশাবাদী। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজ্যের সার্বিক উন্নয়ন এবং সরকারের প্রতি জনগণের আস্থা—এই তিনটি বিষয়কে সামনে রেখে বিজেপি নির্বাচনী প্রচারে মানুষের কাছে যাবে।

উল্লেখ্য, রাজ্যে নগর নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। আগামী ২৭ নভেম্বর আগরতলা পুর নিগম-সহ রাজ্যের ২১টি নগর সংস্থায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ২ ডিসেম্বর। শনিবার থেকেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। আগামী ৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পাশাপাশি কার্যকর হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি।

নগর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদেরও কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বর্তমান সরকার যেভাবে মানুষের কল্যাণে এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করছে, তাতে বিরোধীদের প্রতি মানুষের মনে কোনও জায়গা থাকবে না। মানুষ জানেন, কারা প্রকৃত অর্থে কাজ করে। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বিরোধীরা মানুষের জন্য উল্লেখযোগ্য কোনও কাজ করেনি বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, শাসক ও বিরোধীদের কাজের পার্থক্য সাধারণ মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছেন এবং নির্বাচনে তার প্রতিফলন ঘটবে।

এদিন দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি বর্তমানে দেশবাসীর নজরে এসেছে। বিরোধীরা রিজিম পরিবর্তনের চিন্তাভাবনা করছে বলেও মন্তব্য করেন তিনি। এই বিষয়টিকেও নগর নির্বাচনে মানুষের কাছে তুলে ধরা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

নগর নির্বাচনকে সামনে রেখে শাসক দলের প্রচারের মূল ভিত্তি যে উন্নয়ন, আইনশৃঙ্খলা এবং সরকারের প্রতি জনআস্থা, মুখ্যমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট হয়েছে। অন্যদিকে, বিরোধীদের বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক অবস্থান নির্বাচনী প্রচারে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করা হচ্ছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha