Saturday, October 31, 2026
বাড়ি রাজ্য বিজেপি কর্মী সমর্থকদের উপর গুলি ছুড়ে আটক কংগ্রেস নেতা বাপ্টু

বিজেপি কর্মী সমর্থকদের উপর গুলি ছুড়ে আটক কংগ্রেস নেতা বাপ্টু

বিজেপি কর্মী সমর্থকদের উপর গুলি ছুড়ে আটক কংগ্রেস নেতা বাপ্টু

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ অক্টোবর : বিজেপি কর্মী সমর্থকরা মিছিল থেকে বাড়ি ফেরার সময় কংগ্রেস নেতা বাপ্টু চক্রবর্তী চার রাউন্ড গুলি চালিয়েছেন বলে অভিযোগ। পরে খয়েরপুর চৌদ্দদেবতা বাড়ি সংলগ্ন এলাকায় আটক হয়েছেন অভিযুক্ত কংগ্রেস নেতা। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার ছিল ভারতীয় জনতা পার্টি পদযাত্রা। আগরতলা শহরে পদযাত্রা শেষ হওয়ার পর বাড়ি ফিরছিলেন খয়েরপুরের দলীয় কর্মী সমর্থকরা। এদিকে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে বিধায়ক গোপালচন্দ্র রায়ের নেতৃত্বে খয়েরপুরে খিচুড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচি শেষ করে বিধায়ক বাড়ি ফিরে যান।

 তখন সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতৃত্ব বাপ্টু চক্রবর্তী সহ কয়েকজন কর্মী সমর্থক। বিজেপি কর্মীরা বাড়ি ফেরার সময় মুখোমুখি হন কংগ্রেস কর্মীদের। একে অপরকে উস্কানিমূলক মন্তব্য করার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। তখন বাপ্টু নকল বন্দুক দিয়ে গুলি ছোড়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে। এক বিজেপি কর্মীদের শরীরে গুলি লাগলেও আহত হয়নি। কারণ নকল বন্দুক ব্যবহার করেছেন তিনি। পরে বিজেপি কর্মীদের ধাওয়া খেয়ে এক বাড়িতে প্রবেশ করেন বাপ্টু চক্রবর্তী। তখন নিরাপত্তা কর্মীরা এসে বাড়ি ঘেরাও করে অভিযুক্ত কংগ্রেস নেতা বাপ্টুকে আটক করে। এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ সহ বোধজং নগর থানার বিশাল পুলিশ, টি এস আর এবং সিআরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন।

দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং অভিযুক্ত কংগ্রেস নেতাকে আটক করে থানায় নিয়ে যায়। বিজেপি কর্মীদের পক্ষ থেকে দাবি চার রাউন্ড গুলি চালিয়েছে অভিযুক্ত কংগ্রেস নেতা। তার সঙ্গে ছিলেন লিটন নামে আরও এক কংগ্রেস কর্মী। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। তবে খবর লেখা পর্যন্ত পুলিশ এই ঘটনা নিয়ে মুখ খুলে নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha