নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): ভারতীয় বায়ুসেনার ২৯-তম প্রধান হিসেবে শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। তিনি এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিংয়ের (এ পি সিং) স্থলাভিষিক্ত হলেন। দীর্ঘ ৪২ বছর দেশসেবার পর এদিনই অবসর গ্রহণ করেন প্রাক্তন বায়ুসেনা প্রধান এ পি সিং। বায়ুসেনা প্রধানের দায়িত্ব নেওয়ার আগে এয়ার মার্শাল দীক্ষিত বায়ুসেনার উপ-প্রধান পদে কর্মরত ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) প্রাক্তন ছাত্র আশুতোষ দীক্ষিত ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর বায়ুসেনার ফাইটার স্ট্রিমে কমিশন লাভ করেছিলেন। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তাঁর ঝুলিতে রয়েছে সামরিক অভিযান, পরীক্ষামূলক উড়ান (ফ্লাইট টেস্টিং), আধুনিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ সামরিক কমান্ড পরিচালনার সুদীর্ঘ অভিজ্ঞতা।
মন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, কর্মজীবনে জাগুয়ার ও মিগ-২৭ যুদ্ধবিমানের আধুনিকীকরণ প্রকল্প চূড়ান্ত করা এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস (এলসিএ এমকে-১)-এর প্রাথমিক ও চূড়ান্ত অপারেশনাল ক্লিয়ারেন্স সম্পন্ন করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অপারেশনাল কম্যান্ডার হিসেবে তিনি পশ্চিম সেক্টরে মিরাজ-২০০০ স্কোয়াড্রন ও বায়ুসেনার শীর্ষস্থানীয় ফাইটার ট্রেনিং বেস বিদর ঘাঁটির সফল নেতৃত্ব দিয়েছেন। নতুন বায়ুসেনা প্রধানের হাত ধরে ভারতীয় বিমানবাহিনীর আধুনিকীকরণ ও দেশীয় প্রযুক্তির বিকাশ আরও গতি পাবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান