Thursday, October 29, 2026
বাড়ি রাজ্য কেন্দ্রীয় বাহিনী দ্বারা সুষ্ঠুভাবে নির্বাচন চায় কংগ্রেস, ভোটার তালিকা নিয়েও প্রশ্ন কংগ্রেসের

কেন্দ্রীয় বাহিনী দ্বারা সুষ্ঠুভাবে নির্বাচন চায় কংগ্রেস, ভোটার তালিকা নিয়েও প্রশ্ন কংগ্রেসের

কেন্দ্রীয় বাহিনী দ্বারা সুষ্ঠুভাবে নির্বাচন চায় কংগ্রেস, ভোটার তালিকা নিয়েও প্রশ্ন কংগ্রেসের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা, আসন সংরক্ষণ এবং নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে কংগ্রেস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশিস কুমার সাহা প্রশ্ন তোলেন, ২০২১ সালের অক্টোবর মাসের ভোটার তালিকাকে ভিত্তি করে কেন আসন্ন পুর নির্বাচন পরিচালনা করা হচ্ছে।

তাঁর বক্তব্য, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কোনও নাগরিকের ভোটাধিকার যাতে খর্ব না হয়, তা নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। আসন সংরক্ষণ প্রসঙ্গে কংগ্রেস সভাপতির অভিযোগ, সংরক্ষণের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। তাঁর দাবি, পুর নির্বাচন সংক্রান্ত আইন ও সংরক্ষণের নির্ধারিত নিয়ম মেনে আসন বণ্টন করা উচিত। কিন্তু বারবার সংরক্ষণের পদ্ধতিতে পরিবর্তন এনে নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদিও এই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানা যায়নি। আসন্ন নির্বাচনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান আশিস কুমার সাহা। তাঁর বক্তব্য, স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করে তার তালিকা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।

অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কমিশনের কাছ থেকে সন্তোষজনক পদক্ষেপের আশ্বাস মেলেনি বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবে বলে প্রত্যাশা প্রকাশ করেন কংগ্রেস সভাপতি। সাংবাদিক সম্মেলনের তিনি আরো বলেন, বিজেপিকে পরাজিত করাই আসন্ন পুর নির্বাচনে কংগ্রেসের প্রধান লক্ষ্য বলেও স্পষ্ট করেন তিনি। সিপিএমের সঙ্গে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে আশিস কুমার সাহা জানান, এই মুহূর্তে দলীয় স্তরে আলোচনা চলছে। বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে সংগঠনের শক্তি অনুযায়ী নির্বাচনে লড়াই করবে কংগ্রেস। আগামী দু-এক দিনের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। আশিস কুমার সাহার অভিযোগ, রাজ্যে অপশাসন, দুর্নীতি ও প্রশাসনিক পক্ষপাতের বিরুদ্ধে জনমত ক্রমশ জোরালো হচ্ছে। পাহাড়ের পাশাপাশি সমতলেও শাসকদলের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে মানুষের মতামত প্রতিফলিত হওয়া জরুরি বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha