স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ অক্টোবর : বিজেপি-র সঙ্গ ছেড়ে বামফ্রন্ট
প্রার্থীর সমর্থন নিয়ে চালিতাছড়ি এডিসি ভিলেজ গঠন করলো তিপরা মথা। দুই দলের হাত মেলানো
জানান দেয় রাজনীতিতে সব সম্ভব। লাল আবির খেলল বামেরা। জানা যায় কয়েকদিন ধরেই জল্পনা
কল্পনা চলছিল। অবশেষে এর অবসান। চালিতাছড়ি এডিসি ভিলেজে তিপ্রা মথাকে সমর্থন জানিয়ে
বামফ্রন্ট ও তিপ্রা মথার মধ্যে জোট গঠিত হয়। এই জোটের মাধ্যমে চালিতাছড়ি এডিসি ভিলেজের
বোর্ড দখল করে দুই পক্ষ।
আর এই জয়ের
আনন্দে বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ চালিতাছড়ি দাসপাড়ায় বিজয় মিছিলের আয়োজন করে
বামফ্রন্ট। জানা যায় ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি এবং মথার মধ্যে আসন সামঝোতা হয়।
এতে বিজেপি চারটি এবং মথা চারটি আসনে জয়ী হয়। আর সিপিআইএম একটি আসনে জয়ী হয়। বিজেপি
এবং মথার মধ্যে আসল ভাগাভাগি হলেও মথার নেতৃত্ব বিজেপিকে নিয়ে পঞ্চায়েত গঠন করতে
অনিহা প্রকাশ করে। পরবর্তী সময়ে সিপিআইএমের জয়ী প্রার্থীর সমর্থনে পঞ্চায়েত গঠন
করে মথা। এদিন বিজয় মিছিলকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা
লক্ষ্য করা যায়। চালিতাছড়ি এডিসি ভিলেজে বোর্ড গঠনে বামফ্রন্ট ও তিপ্রা মথার এই জোট
রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। মিছিলে উপস্থিত সিপিআইএম নেতৃত্ব জানান চার
নং আসনে বামফ্রন্ট প্রার্থী রত্না দত্ত দাস জয়ী হয়েছেন। বিজয় মিছিলের মাধ্যমে জোটের
এই সাফল্য উদযাপন করেন বামফ্রন্টের কর্মী-সমর্থকরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান