স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : মেলাঘর হাসপাতালে দীর্ঘদিন ধরে তালাবন্ধ পাবলিক টয়লেট, প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ পানীয় জলের মেশিন—ন্যূনতম পরিষেবা থেকেও বঞ্চিত রোগী ও তাঁদের পরিজনেরা। মেলাঘর হাসপাতালে প্রতিদিন দূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসেন অসংখ্য রোগী ও তাঁদের স্বজন। কিন্তু হাসপাতাল চত্বরে ঢুকলেই তাঁদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। মেলাঘর পৌরসভার উদ্যোগে নির্মিত পাবলিক টয়লেটটি দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ।
ফলে জরুরি প্রয়োজনে রোগী ও তাঁদের সঙ্গে আসা পরিজনদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। শুধু শৌচাগার নয়, বিশুদ্ধ পানীয় জল নিয়েও রয়েছে একই সমস্যা। জল জীবন মিশনের অধীনে হাসপাতাল চত্বরে বসানো হয়েছিল আধুনিক ওয়াটার এটিএম মেশিন। সামান্য অর্থের বিনিময়ে রোগী ও সাধারণ মানুষের বিশুদ্ধ পানীয় জল পাওয়ার কথা থাকলেও, অভিযোগ, প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে সেটিও বন্ধ। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মেশিনটিতে ধুলোবালি জমে এখন কার্যত অকেজো অবস্থায় পড়ে রয়েছে। যেখানে একটি হাসপাতালে রোগীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ পানীয় জল ন্যূনতম পরিষেবার অংশ, সেখানে মেলাঘর হাসপাতাল চত্বরে এই দুই পরিষেবাই দীর্ঘদিন ধরে অচল থাকার অভিযোগ উঠছে। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে।
ভুক্তভোগীদের
দাবি, অবিলম্বে তালাবন্ধ পাবলিক টয়লেট খুলে দেওয়ার পাশাপাশি বন্ধ হয়ে থাকা পানীয় জলের মেশিনটি মেরামত করে চালু করতে হবে। এখন দেখার, সাধারণ মানুষের এই সমস্যার দিকে
পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তর
কবে নজর দেয়। কিন্তু জনগণের অর্থ হরির লুট করে আর ফিতা কেটে
উদ্বোধন পর্যন্তই দায়িত্ব পালন করছে পৌরসভা থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তর। যা বলার অপেক্ষা
রাখে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান