Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য প্রাক্তন জঙ্গিগোষ্ঠীর অবরোধ ভাঙলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

প্রাক্তন জঙ্গিগোষ্ঠীর অবরোধ ভাঙলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

প্রাক্তন জঙ্গিগোষ্ঠীর অবরোধ ভাঙলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : প্রাক্তন জঙ্গী গোষ্ঠীর নাটক মঞ্চস্থ আবারো দেখল রাজ্যবাসী। সোমবার রাতে সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এল.এল.এফ.টি গোষ্ঠীর সদস্যদের পথ অবরোধ ঘিরে উত্তেজনা ছড়াল তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া এলাকায়। আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধের জেরে মঙ্গলবার সকাল পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে রাজ্য সরকারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর সরকারিভাবে তাঁদের জন্য কী কী সুযোগ-সুবিধা পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে তাঁদের যথাযথ ভাবে জানানো হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অসন্তোষ থাকলেও কার্যকর সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয় বলে তাঁদের দাবি।

অবরোধকারীদের সঙ্গে আলোচনায় মন্ত্রী বিকাশ দেববর্মা আগামী ২১ অগস্ট তাঁদের সঙ্গে আলোচনার টেবিলে বসে সাত দফা দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা সমাধানের আশ্বাস দেন। সেই আশ্বাসের পরই জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ২১ অগস্টের আলোচনায় তাঁদের দাবিগুলির সন্তোষজনক সমাধান না হলে ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, পথ অবরোধ করে কোনও সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আলোচনার টেবিলে বসেই সমস্যাগুলির সমাধান করা সম্ভব। তাঁর কথায়, আত্মসমর্পণকারী এলএলএফটি সদস্যদের দাবি সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সরকারিভাবে তাঁদের জন্য কী কী সুযোগ-সুবিধা রয়েছে, তা বিস্তারিত ভাবে জানানো হবে। মন্ত্রী আরও বলেন, গত ৩৫ বছরে জনজাতি জনগোষ্ঠীর স্বার্থে উন্নয়নের ক্ষেত্রে তৎকালীন সরকারগুলি প্রত্যাশিত ভূমিকা নেয়নি। বর্তমান সরকার জনজাতি সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন জীবনযাত্রার মানোন্নয়নে ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। জনজাতি জনগণের সমস্যা সমাধান তাঁদের উন্নয়নের প্রশ্নে সরকার কোনও ভাবেই পিছিয়ে থাকবে না বলেও তিনি আশ্বাস দেন। এখন নজর ২১ অগস্টের বৈঠকের দিকে। ওই বৈঠকেই সাত দফা দাবির কতটা সমাধান হয়, নাকি ফের আন্দোলনের পথে হাঁটেন আত্মসমর্পণকারী এলএলএফটি সদস্যেরাসেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha