Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই নয়টি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই নয়টি দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই নয়টি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ : হোলির আনন্দ মিটতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো কৈলাশহরের নূরপুর চৌমুহনী বাজারে। ভস্মীভূত হয়ে গেল ৯ টি দোকান। ঘটনা বৃহস্পতিবার ভোর বেলায়। দমকলের গাফিলতি এবং বিদ্যুৎ দপ্তরের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। জানা যায়, দোকানগুলি মুদি দোকান, মিষ্টির দোকান, প্যাথোলজি ল্যাব থেকে শুরু করে বাইক মেকানিকের দোকান— আগুন গ্রাস করে নেয়। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি দোকানে প্রচুর পরিমাণে সামগ্রী ছিল। ব্যবসায়ীরা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকল কর্মীদের। কিন্তু অভিযোগ উঠেছে দমকলের  কর্মীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে একটি ইঞ্জিন পৌঁছালেও দেখা দেয় যান্ত্রিক ত্রুটি।

আগুন নেভানোর বদলে পাইপ দিয়ে জল বের না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত এক দমকল কর্মী বাইক নিয়ে স্টেশন থেকে পাম্প আনতে বাধ্য হন। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায় অনেকটা— ৯টি দোকানই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ জরুরি পরিষেবার এমন বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের প্রশ্ন, "ইমার্জেন্সি বিভাগ যদি অকেজো হয়, তবে সাধারণ মানুষ কার উপর ভরসা করবে?"

অন্যদিকে  স্থানীয়দের আঙুল বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা শাহী কোম্পানি লিমিটেড'-এর দিকে। পুরনো তার পরিবর্তন না করায় শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আসাদ মিয়ার অভিযোগ, অতীতেও  অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাশহর থানার পুলিশ। পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন কৈলাশহর থেকে ডিসিএম মতি রঞ্জন দেববর্মা। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেন। দমকলের আধিকারিকও যান্ত্রিক ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন। বারবার কেন নূরপুর চৌমুহনী বাজারে এমন ঘটনা ঘটছে? যান্ত্রিক ত্রুটি কি কেবলই দুর্ঘটনা নাকি চরম অবহেলা? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সর্বস্ব হারানো ব্যবসায়ীরা। এখন দেখার, প্রশাসন দ্রুত আর্থিক সহায়তার মাধ্যমে এই পরিবারগুলোর পাশে দাঁড়ায় কি না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha