স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :সুশাসন জামানায় শিক্ষা প্রতিষ্ঠানের অচল অবস্থা। আবারো নজরে এসেছে শুক্রবার। এদিন কমলপুর নগর পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব হারেরখলা এলাকায় অবস্থিত যোগেশ্বর দাস স্মৃতি মেমোরিয়াল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বরস্বতী পূজা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করা হয়নি। এই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ারা মধ্যে চরম হতাশা দেখা দেয়। স্বরস্বতী পূজা করতে না পেরে অনেক শিশু কান্নাকাটি শুরু করলে বাধ্য হয়ে তাদের অভিভাবকরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে বাড়িতে পূজার আয়োজন করেন। অভিভাবকদের আরও অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের প্রাপ্য মিড-ডে মিল নিয়মিত ও সঠিকভাবে দেওয়া হয় না।
তারা জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অপর্ণা দাস বিগত তিন থেকে চার দিন ধরে কেন্দ্রে অনুপস্থিত। অভিভাবকরা ফোন করে যোগাযোগ করলে তিনি ব্যক্তিগত কাজের কথা বলে এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ তুলেন। এলাকার এক মহিলা জানান গত দুবছর ধরে পূজা হয় না অঙ্গনওয়াড়ি সেন্টারে। ফলে এলাকার কচিকাঁচাদের আনন্দে জল ঢেলে দিচ্ছেন অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা। কচিকাঁচাদের আনন্দ উপভোগ করার জায়গা নেই।
পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের গুণগত মান অত্যন্ত নিম্নমানের। খাওয়ার অযোগ্য। আশ্চর্যের বিষয় হলো ২৩ শে জানুয়ারিতে পতাকা পর্যন্ত তোলা হয় নি। অবাক করার বিষয় হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ থেকে ১২ জন কচিকাঁচা বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে এসে ঘুরে গেছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা পর্যন্ত খোলা হয়নি। এই ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন। এ ধরনের উদাসীন এবং দায়িত্ব পালনে চরম গাফিলতি করা কর্মীদের দ্বারা কতটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে এটা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন সৃষ্টি করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান