Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য কৈলাসহরের ঘটনায় থানায় ডেপুটেশন, সমালোচনা বিরোধী দলনেতার

কৈলাসহরের ঘটনায় থানায় ডেপুটেশন, সমালোচনা বিরোধী দলনেতার

কৈলাসহরের ঘটনায় থানায় ডেপুটেশন, সমালোচনা বিরোধী দলনেতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ জানুয়ারি :  কৈলাসহর শহরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে থানায় ডেপুটেশন প্রদান করা হয়। অভিযোগ, সরস্বতী পূজার দিনে শহরের বুকে কিছু দুষ্কৃতী যুবক আচমকাই হামলা চালিয়ে অশান্তি সৃষ্টি করে বলে তাদের দাবি। ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার থানা ঘেরাও করে পুলিশের হাতে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। ডেপুটেশনের সময় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, অবিলম্বে প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা।ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।

 এই কৈলাসহরের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, শুক্রবার কৈলাশহরে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা কোনোভাবেই গোষ্ঠী কোন্দল বলা যায় না। গত পৌনে আট বছর ধরে রাজ্যে একদলীয় শাসনব্যবস্থা চলছে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারা সমস্ত সরকারি দপ্তর লুট করতে চাইছে। এবং এই কাজে লিপ্ত করতে চাইছে যাদের দ্বারা ভোট আসলে বিজেপি অন্যায় ভাবে, অগনতান্ত্রিকভাবে কাজে লাগায়। তারাই লুটের আখড়া নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। যার পরিণাম ঘটলো কৈলাসহরে। তিনি আরো বলেন, বিজেপি তার দলের অপদার্থতা, অকর্মণ্যতা এবং জনবিচ্ছিন্নতা আটকাতে পারছে না। জনগণের পয়সায় কোটি কোটি টাকা বিজ্ঞাপন ছাপিয়ে জনগণকে বুঝানোর চেষ্টা করছে।

 কিন্তু মানুষ অভিজ্ঞতা থেকে দেখছে কিভাবে সর্বত্র উশৃঙ্খলতার চাষ চলছে। যার ফসল কৈলা শহরের ঘটনা। বিরোধী দলনেতা আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অসহায়ত্ব দেখে তিনি ব্যথিত। কারণ রাজ্যে আইন থাকলে বহু মন্ত্রী নির্বাচিত হতে পারতেন না। আইন থাকলে বহু দেবতুল্য কার্যকর্তা জেলে থাকতেন। তাই তিনি লজ্জিত বলে দাবি করেন সংবাদ মাধ্যমের কাছে।  তবে কৈলাসহরের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন সচেতন নাগরিক মহলের মধ্যে। গত কয়েক মাসে কৈলাসহরে ঠিকাদার মাফিয়াদের আতঙ্কে ভুগছে সাধারণ নাগরিক মহল। একাধিক ঘটনা সংঘটিত করেছে গত কয়েক মাসে কৈলাসহরে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha