স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৩ অক্টোবর : কৃষি জমিতে কাজ করতে গিয়ে ধান কাটার মেশিনে হাত ঢুকে গুরুতরভাবে আহত হলেন এক কৃষক। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত কৃষকের নাম সাগর মানিক জমাতিয়া। তিনি উদয়পুর দক্ষিণ মহারানী এলাকার বাসিন্দা। ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও কৃষি কাজের উদ্দেশ্যে জমিতে যান সাগর মানিক জমাতিয়া। সঙ্গে নিয়ে যান কৃষিকাজে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি। জমিতে পৌঁছে অন্যান্য দিনের মতোই কাজ শুরু করেন তিনি।
কিন্তু কাজ চলাকালীন আচমকাই ধান কাটার মেশিনে তার হাত ঢুকে যায়। মুহূর্তের মধ্যেই গুরুতর জখম হন তিনি। যন্ত্রণায় চিৎকার শুরু করেন সাগর মানিক জমাতিয়া। তার চিৎকার শুনে আশপাশের জমিতে কাজ করতে থাকা অন্যান্য কৃষকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে পৌঁছে তারা সাগর মানিক জমাতিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় তাঁর হাতের একটি বড় অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে স্থানীয় কৃষক ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা আহত কৃষকের চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান