Wednesday, November 4, 2026
বাড়ি জাতীয় বাড়ল অগ্নিবীরদের চাকরির মেয়াদ, বাড়বে বেতনও, কেন সিদ্ধান্ত কেন্দ্রের? ব্যাখ্যা দিলেন CDS

বাড়ল অগ্নিবীরদের চাকরির মেয়াদ, বাড়বে বেতনও, কেন সিদ্ধান্ত কেন্দ্রের? ব্যাখ্যা দিলেন CDS

বাড়ল অগ্নিবীরদের চাকরির মেয়াদ, বাড়বে বেতনও, কেন সিদ্ধান্ত কেন্দ্রের? ব্যাখ্যা দিলেন CDS

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৪ : লাদাখ থেকে অরুণাচল প্রদেশ। ‘ড্রাগনে’র থাবায় বারবার রক্তাক্ত হয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। দিন কয়েক আগেই ভারত সফর সেরেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দিল্লি দরবারে শান্তির বুলি আওড়ালেও ‘লালফৌজ’ সরে আসেনি ‘সালামি স্লাইসিং’ থেকে। পশ্চিমে ওত পেতে রয়েছে চিরশত্রু পাকিস্তান। অপারেশন সিঁদুরে প্রবল মার খেয়ে ফুঁসছে পড়শি দেশটি। এই প্রেক্ষাপটে সমরনীতির বুনিয়াদি অঙ্ক মেনে সেনার শক্তিবৃদ্ধিতে বড় ঘোষণা করলেন সেনা সর্বাধিনায়ক  এনএস রাজা সুব্রমণি। বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অগ্নিবীরদের । এবার থেকে অগ্নিবীররা পরিষেবা দিতে পারবেন অতিরিক্ত ২ বছর। সব মিলিয়ে চার থেকে মেয়াদ বেড়ে হল ৬ বছর। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইত্যিমধ্যেই এই পদক্ষেপের সবুজসংকেত দিয়েছে। এমনটাই জানিয়েছেন সিডিএস। ২ বছর অতিরিক্ত মেয়াদ শেষে অগ্নিবীরা চাইলে সরাসরি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।   


সেনা সর্বাধিনায়ক বলেন, “২৫ শতাংশ অগ্নিবীরদের সেনাবাহিনীতে নেওয়া হয়। এবার বাকি ৭৫ শতাংশের জন্য মেয়াদ বাড়ল অতিরিক্ত ২ বছর। তাঁদের বেতনও বাড়বে। ৪+২, অর্থাৎ ছ’বছর পর তাঁরা চাইলে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।” এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুব্রমণি বলেন, “সেনার তিন বাহিনী অগ্নিবীরদের পর্যালোচনা করেছে। এটা চলছিলই, তারপরই আমরা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অগ্নিবীরদের প্রথম ব্যাচ এবছর চার বছরের মেয়াদ সম্পূর্ণ করবে। তারপরেই বাছাই পর্ব শুরু হবে। অতিরিক্ত মেয়াদের প্রথম বছর বেতন ৪৩, ৫০০ টাকা পাবেন অগ্নিবীররা। দ্বিতীয় বছরে পাবেন ৪৭ হাজার টাকা।”


কেন মেয়াদ বাড়ানো হল অগ্নিবীরদের? দীর্ঘ মেয়াদে কি লাভবান হবে সেনা? এই প্রশ্নের উত্তরে সিডিএস বলেন, ভারতীয় সেনার তিন বাহিনীর দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসঙ্গে সেনা সর্বাধিনায়ক বলেন, সময়ের সঙ্গে আধুনিক যুদ্ধের ধরণ বদলে যাচ্ছে। সব সময়ই সেই দিকে নজর থাকে প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় সেনার। ফলে সব দিক বিচার করেই সেনার যুবশক্তির উপর জোর দেওয়া হচ্ছে। অস্ত্র সক্ষমতার পাশাপাশি জওয়ানদের প্রযুক্তি সক্ষমতার দিকটিও গুরুত্বপূর্ণ এখন। এটিও অগ্নিবীরদের মেয়াদ বৃদ্ধি এবং ভবিষ্যতে সেনায় সম্পূর্ণ যোগদানের অন্যতম কারণ।


এদিনের কেন্দ্রের সিদ্ধান্ত ঘোষণার পর প্রশ্ন উঠছে, আদতে কি ‘অগ্নিবীর’ স্কিম মুছেই ফেলা হল? তাঁদের মেয়াদ, বেতন, অন্যান্য সুযোগসুবিধা দেওয়া, মূল ভারতীয় সেনায় প্রবেশের দরজা খোলার সিদ্ধান্ত কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha