Wednesday, November 4, 2026
বাড়ি জাতীয় নির্বাচন কমিশনারদের আজীবন রক্ষাকবচ কেন? কেন্দ্রকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

নির্বাচন কমিশনারদের আজীবন রক্ষাকবচ কেন? কেন্দ্রকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

নির্বাচন কমিশনারদের আজীবন রক্ষাকবচ কেন? কেন্দ্রকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৪ :  নির্বাচন কমিশনারদের ( CEC) বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাতে পারবে না আদালত। স্রেফ পদে থাকাকালীন নয়, আজীবন বজায় থাকবে এই রক্ষাকবচ। এবার এই রক্ষাকবচ নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জবাব চেয়ে নোটিস দিয়েছে। উল্লেখ্য, এই রক্ষাকবচ নিয়ে সাম্প্রতিক অতীতে বারবার উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক মহল।


২০২৩ সালে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশন আইনের আওতায় আজীবন রক্ষাকবচ দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁরা পদে থাকাকালীন যেসব সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলির বিরোধিতায় কোনও পদক্ষেপ করা যাবে না। আইনি প্রক্রিয়াও শুরু করা যাবে না। সাম্প্রতিক অতীতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। তারপরই রাজনৈতিক মহলে প্রশ্ন, দেশের নির্বাচন কমিশনারদের এমন রক্ষাকবচ দেওয়া হয়েছে কেন?


সেই বিষয়টি উল্লেখ করেই সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন অরুণ কুমার আগরওয়াল নামে এক আইনজীবী। তাঁর কথায়, এই রক্ষাকবচগুলির জন্য কোনও ব্যতিক্রমও রাখা হয়নি। যদি কোনও নির্বাচন কমিশনার অসাধু উদ্দেশ্যে কোনও কাজ করে থাকেন, এক্তিয়ার বহির্ভূতভাবে কাজ করেন, তাহলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না এই রক্ষাকবচের কারণে। এই পিটিশনে আরও বলা হয়েছে, রক্ষাকবচ ছাড়াই বহু নির্বাচন কমিশনার দীর্ঘদিন ধরে কাজ করে এসেছেন, ভোট পরিচালনা করেছেন। রক্ষাকবচ ছাড়াই যে তাঁরা দায়িত্ব পালন করতে পারেন, এটাই তার প্রমাণ।


এবার এই ইস্যুতে কেন্দ্রের জবাব তলব করল শীর্ষ আদালত। বুধবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি ভি মোহানা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। এসআইআর ইস্যুতে একাধিক মামলা একত্রিত করে শুনানি চলছিল। সেসময়ে শীর্ষ আদালত জানতে চায়, ভোটারদের হেনস্তা করতে এসআইআর করা হয়েছিল কিনা। দিল্লিতে ভোট না থাকা সত্ত্বেও কেন তড়িঘড়ি এসআইআর করানো হল, সেই প্রশ্নও তোলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তারপরেই কেন্দ্রকে নোটিস পাঠানো হয়েছে রক্ষাকবচ ইস্যুতে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha