Sunday, November 1, 2026
বাড়ি জাতীয় বিপর্যস্ত নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক! একাধিক রুটে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

বিপর্যস্ত নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক! একাধিক রুটে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

বিপর্যস্ত নেপালে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক! একাধিক রুটে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১ :   নেপালের ডোলপা জেলায় ব্যাপক তুষারপাতের জেরে নিখোঁজ ৬ ভারতীয় পর্যটক। জানা গিয়েছে, নেপালের গভীরতম হ্রদ শে ফোকসুন্ডোর দিকে ট্রেকিং করে যাচ্ছিলেন পর্যটকরা। ডোলপা থেকে ফেরার পথে নুমা লা এবং বাগা লা পাস এলাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। রবিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল চিহ্নিত করে পর্যটকদের উদ্ধার করতে ইতিমধ্যেই হেলিকপ্টার পাঠিয়েছে সেনা। নিখোঁজদের মধ্যে চারজন পুরুষ ও দু’জন মহিলা রয়েছেন বলে সূত্রের খবর।


ডোলপার মুখ্য জেলা আধিকারিক জুনু হামাল জানিয়েছেন, পর্যটকরা ঢো এলাকা থেকে ফোকসুন্ডা লেকের দিকে ফিরছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়া ও পাহাড়ি পথে বিপদের সম্ভাবনা থাকতে পারে বলে ওই পর্যটকদের আগাম সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতা কানে না তুলেই তাঁরা এগিয়ে যান বলে দাবি। এরপরই ভয়ংকর তুষারপাতে আটকে পড়েন সকলে। এরপরই ওই ট্র্যাকার দলের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ হয়।


ডোলপার ডেপুটি সুপার অফ পুলিশ অনীল রাজ গিরি জানিয়েছেন, বর্তমানে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। প্রতিকূল আবহাওয়া ও তুষারপাত এই তল্লাশি অভিযানে বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। প্রশাসন সূত্রে খবর, পাহাড়ি এলাকার বহু অংশে মোবাইলের নেটওয়ার্কও নেই। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ডোলপায় মোট ২৪৪ জন পর্যটক রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৯ জনই নেপালি। তাঁদের সকলকেই খারাপ আবহাওয়ার কারনে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha