Sunday, November 1, 2026
বাড়ি জাতীয় ৪০টি ভিলা, কোটি কোটি টাকার রিসর্ট! ‘কারচুপি’ করে সাম্রাজ্য আইএএস-আইপিএস দম্পতির

৪০টি ভিলা, কোটি কোটি টাকার রিসর্ট! ‘কারচুপি’ করে সাম্রাজ্য আইএএস-আইপিএস দম্পতির

৪০টি ভিলা, কোটি কোটি টাকার রিসর্ট! ‘কারচুপি’ করে সাম্রাজ্য আইএএস-আইপিএস দম্পতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১ :  স্বামী-স্ত্রী দু’জনেই উচ্চপদস্থ সরকারি কর্তা। কিন্তু তাঁদের সম্পত্তির বহর প্রায় টেক্কা দিতে পারে ধনকুবেরদেরও! অন্তত ৪০টি বিলাসবহুল ভিলা কিনেছেন তাঁরা। সবমিলিয়ে ৬ কোটিরও বেশি দামের রিসর্ট রয়েছে দম্পতির। এমন বিপুল সম্পত্তির হদিশ পেয়ে এবার নড়েচড়ে বসল সরকার। প্রাথমিকভাবে অনুমান, বেআইনিভাবে প্রচুর সুবিধা আদায় করেছেন ওই দম্পতি। মাত্র আড়াই বছরের মধ্যে আইএএস এবং আইপিএস দম্পতি সম্পত্তির পরিমাণ হু হু করে বেড়েছে।


রাজস্থানে হইচই ফেলে দেওয়া দুই আধিকারিকের নাম শিখর আগারওয়াল এবং প্রশাখা মাথুর। পেশায় আইএএস শিখর কয়েকদিন আগেও রাজস্থানের শিল্প দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব ছিলেন। অভিযোগ, বেশ কয়েটি সংস্থাকে কম খরচে নানা নির্মাণের বরাত দিয়েছিলেন তিনি। তার মধ্যে অন্যতম গোয়েল ফ্যাশনস। এই সংস্থা অনন্ত ব্র্যান্ড নামে একাধিক রিসর্ট তৈরি করেছে। উল্লেখ্য, এই অনন্ত ব্র্যান্ডের রিসর্টই কেনা হয়েছে শিখর এবং তাঁর স্ত্রী তথা আইপিএস আধিকারিক প্রশাখার নামে। স্রেফ কেনাই নয়, তারপর আবার ওই সংস্থাকেই রিসর্ট লিজ দেওয়া হয়েছে।

একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজস্থানের দুর্নীতিদমন শাখা। ইতিমধ্যেই দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। অনুমান, সরকারি কোষাগারের ক্ষতি করে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছেন আমলা দম্পতি। প্রায় আড়াই বছর ধরে একের পর এক সম্পত্তি কিনেছেন তাঁরা। চলতি বছর প্রকাশ্যে আসে এই বিপুল সম্পত্তির খতিয়ান। জানা যায়, উদয়পুর এবং আলওয়ারে ৪০টি ভিলা কিনে আবার লিজ দিয়েছেন দম্পতি। তার জেরে বার্ষিক ২ কোটি টাকা আয় হয় তাঁদের।


জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে একের পর এক ভিলা কিনতে শুরু করেন দু’জনে। কোনওটা রেজিস্ট্রেশন ছিল তাঁদের ছেলেদের নামে। কোনওটা তাঁদের বাবা-মায়ের নামে। সবমিলিয়ে ৬ কোটি ১৬ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে এই দম্পতির। নথিপত্র বলছে, চলতি বছর মার্চ মাসে গোয়েল ফ্যাশনসের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়। সেদিনই ২০টি ভিলার রেজিস্ট্রেশন করিয়েছেন শিখর। প্রশ্ন উঠছে, দিনের পর দিন এতবড় প্রতারণা কী করে চালিয়ে গেলেন দম্পতি?


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha