-স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : শিওরে লোকসভা নির্বাচন। এর আগে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশন হবে। দুদিন দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে এই কনভেনশন। এই কনভেনশনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সকল মন্ত্রী, বিধায়ক সহ প্রায় ১৪৪ জন প্রতিনিধি রাজ্য থেকে অংশগ্রহণ করবে।
কনভেনশনকে সামনে রেখে শুক্রবার এক এক করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ সকল মন্ত্রী ও বিধায়করা এইদিন বিমানে করে রাজ্য ত্যাগ করেন। রাজ্য ত্যাগ করার পূর্বে এমবিবি বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান দিল্লির প্রগতি ময়দানে বিজেপির জাতীয় কনভেনশনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ উপস্থিত থাকবেন। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।
অপরদিকে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানান নির্বাচনের পূর্বে এই ধরনের কনভেনশন হয়ে থাকে। নির্বাচনের রন কৌশল ঠিক করার জন্য। লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির এই ধরনের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশন থেকে ভোটের দামামা বাজানো হয়। ১৭ ও ১৮ ফেব্রুয়ারির কনভেনশন থেকে বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দামামা বাজাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান