স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ ফেব্রুয়ারি : গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনমালা এলাকায় শাসক দলের গোষ্ঠী কোন্দল এইবার প্রকাশ্যে চলে এল। সোমবার ভোরে কাঞ্চনমালা বাজারে গরু বুঝাই গাড়ি আটক করাকে কেন্দ্র করে ঘটে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠী আমতলি থানায় মামলা পাল্টা মামলা দায়ের করে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার ভোরে গোলাঘাটি বিধানসভার কেন্দ্রের কাঞ্চনমালা বাজারে গরু বুঝাই গাড়ি আটক করাকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে যায়। সোমবারের ঘটনায় আহত হয়েছেন গোলাঘাটি মন্ডল যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাস এবং অপর পক্ষের একই এলাকার ৮ নং বুথের সভাপতি অভিজিৎ বিশ্বাস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুব মোর্চার সম্পাদক প্রসেনজিৎ দাসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাস সহ আরও বেশ কয়েকজন মারধোর করেছে প্রসেনজিৎ দাসকে। মঙ্গলবার সকালে ৮ নং বুথের সভাপতি অভিজিৎ বিশ্বাস পাল্টা অভিযোগ করেন গরু বোঝায় গাড়ি থেকে মন্ডল সম্পাদক প্রসেনজিৎ দাস সহ আরও বেশ কয়েকজন মিলে মোটা অংকের টাকা দাবি করতে গিয়েছিল। সেই সময় গরু বোঝাই গাড়ির চালককে তারা মারধর করে।
তাতে বাধা দিতে গিয়ে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হতে হয়েছে বুথ সভাপতি অভিজিৎ বিশ্বাসকে। এইদিন অভিজিৎ বিশ্বাসও আমতলি থানায় পাল্টা মামলা দায়ের করেন। অভিজিৎ বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। অভিজিৎ বিশ্বাস অভিযোগ করেন প্রসেনজিৎ দাস গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তায় নামার সময় রাস্তায় পরে আহত হয়েছে। প্রসেনজিৎ দাস গরু বোঝাই গাড়ির চালকের নিকট লক্ষাধিক টাকা দাবি করেছিল। প্রসেনজিৎ দাসের বিরুদ্ধে আগেও বহু অভিযোগ রয়েছে বলে জানান তিনি। কাঞ্চনমালা এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান