Friday, October 30, 2026
বাড়ি রাজ্য পিএম কিষানের ২৪তম কিস্তিতে ত্রিপুরার কৃষকদের জন্য ৪৪.২৪ কোটি টাকা: রতনলাল নাথ

পিএম কিষানের ২৪তম কিস্তিতে ত্রিপুরার কৃষকদের জন্য ৪৪.২৪ কোটি টাকা: রতনলাল নাথ

পিএম কিষানের ২৪তম কিস্তিতে ত্রিপুরার কৃষকদের জন্য ৪৪.২৪ কোটি টাকা: রতনলাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর :দেশের কৃষকদের স্বনির্ভর করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগগুলির মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে তাঁদের স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে।

শুক্রবার প্রজ্ঞা ভবনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের ২৪তম কিস্তি প্রদান উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় নথিভুক্ত কৃষকদের বছরে তিনবার ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর ফলে কৃষকরা তাঁদের কৃষিকাজের বিভিন্ন প্রয়োজন মেটাতে আর্থিকভাবে উপকৃত হচ্ছেন।

তিনি বলেন সারা দেশে প্রায় ১১ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আমাদের রাজ্যেও প্রায় ২ লক্ষ ৮৫ হাজার কৃষক এই প্রকল্পের আওতায় উপকৃত হচ্ছেন। এখনও পর্যন্ত ত্রিপুরার কৃষকদের জন্য মোট ১,০৬৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।

কৃষিমন্ত্রী আরও জানান, এর আগে ২৩টি কিস্তি প্রদান করা হয়েছে এবং এবার ২৪তম কিস্তি প্রদান করা হয়েছে আজ । গুজরাটের বনসকাঁঠা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বোতাম টিপে ডিজিটাল পদ্ধতিতে দেশের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ হস্তান্তর করেন।

মন্ত্রী বলেন এবার সারা দেশের প্রায় সাড়ে ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে মোট ১৮,৬৮০ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের কৃষকরা সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন।

ত্রিপুরার প্রসঙ্গে তিনি জানান, এই প্রকল্পের ২৪তম কিস্তিতে রাজ্যের ২ লক্ষ ২১ হাজার ২২০ জন যোগ্য কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মোট ৪৪ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে ।

জেলাভিত্তিক আর্থিক সহায়তার পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, এখনও পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলায় সর্বাধিক ১৯৪ কোটি ৭৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে গোমতী জেলা, যেখানে কৃষকরা পেয়েছেন ১৭৫ কোটি ৪৭ লক্ষ টাকা। অন্যদিকে, ধলাই জেলা রয়েছে তৃতীয় স্থানে। এই জেলায়  কৃষকদের ১৬৯ কোটি ৪৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে কৃষকদের উপস্থিতির কথা উল্লেখ করে রতনলাল নাথ বলেন, প্রায় ৩০০ জন কৃষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০ থেকে ৪০ জন মহিলা কৃষক ছিলেন। এছাড়াও জনজাতি, তপশিলি জাতি (এসসি), অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সহ বিভিন্ন সম্প্রদায়ের কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষকদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মান এবং তাঁদের স্বনির্ভর করে তোলার প্রচেষ্টার প্রশংসা করে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা দেশের অন্নদাতা। তাঁদের সম্মান প্রদান এবং আর্থিকভাবে শক্তিশালী করে তোলার জন্য প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা বিশ্বে বিরল।

তিনি আরও বলেন আমরা জানি, কৃষির বিভিন্ন ক্ষেত্রে ভারত ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছে। দেশ আজ সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বে প্রথম সারিতে নিয়ে যাওয়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী স্থির করেছেন, তা বাস্তবায়নে আমাদের কৃষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই এই লক্ষ্য পূরণ সম্ভব।

মন্ত্রী জানান, এই উদ্দেশ্যেই তিনি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন। আগামী দিনেও দেশের কৃষকরা আরও এগিয়ে যাবেন এবং কৃষিক্ষেত্রে ভারতের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha