Friday, October 30, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই! ইজরায়েলে ত্রিশঙ্কু জনমত, আরবদের আশায় জল?

ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই! ইজরায়েলে ত্রিশঙ্কু জনমত, আরবদের আশায় জল?

ফের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই! ইজরায়েলে ত্রিশঙ্কু জনমত, আরবদের আশায় জল?

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩০ অক্টোবর :  প্রায় দু’দিন পরে শেষ হয়েছে ইজরায়েলের ভোটগণনা। ত্রিশঙ্কু সরকারের পক্ষে ভোট দিয়েছেন আমজনতা। যদিও হিসাব বলছে, গণমত রয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দিকেই। কারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে নেতানিয়াহুর দল লিকুদ। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৬টি আসন বেশি জিতেছে নেতানিয়াহুর দল। কিন্তু সবচেয়ে বেশি আসন পেয়েও সংখ্যাগরিষ্ঠতা থেকে বহুদূরে নেতানিয়াহুর জোট।


১২০ আসনের কেনেসেটে সরকার গড়তে চাই ৬১টি আসন। কিন্তু নেতানিয়াহুর জোট বা বিরোধী জোট এই ম্যাজিক ফিগার থেকে বহু দূরে। নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। বিরোধী জোটের দখলে ৪৮টি আসন। রাম এবং জয়েন্ট লিস্ট-সহ আরব দলগুলির দখলে ১৯টি আসন। জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজোগের হাতে তুলে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তারপর ১০ নভেম্বর শপথ নেবে ইজরায়েলের নতুন সরকার।


কিন্তু নতুন সরকার গড়বে কারা? ইতিমধ্যেই ইহুদি আবেগে শান দিতে শুরু করেছেন নেতানিয়াহু। সাফ জানিয়েছেন, ক্ষমতা দখলের জন্য আরব দলগুলির সঙ্গে যেন কেউ হাত না মেলায়। সেটা করলে দেশের জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে। পাশাপাশি ইহুদি দলগুলির সঙ্গেও লাগাতার আলোচনায় বসছেন তিনি। বিশ্লেষকদের মতে, ইহুদি আবেগের চাল খেটে গেলে ফের প্রধানমন্ত্রী হতে কোনও বাধা থাকবে না নেতানিয়াহুর। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে ছেড়ে কিছু দল নেতানিয়াহুর পাশে দাঁড়ালেই সরকার গঠন হয়ে যেতে পারে।


একটা সময় মনে করা হচ্ছিল, সরকার গঠনে মহাগুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে আরব দলগুলি। এই আরব দলগুলি মূলত ইজরায়েলে বসবাসকারী ২০ শতাংশ প্যালেস্তিনীয়দের প্রতিনিধিত্ব করে। কিন্তু ইজরায়েলের রাজনৈতিক মহলে খানিকটা ‘অচ্ছুত’ আরব দলগুলির সঙ্গে জোট করবেন না বলেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আইজেনকোট। কিন্তু জোটের বাইরে থেকে আরব দলের সমর্থনে সরকার গঠনের পথ এখনও খোলা রয়েছে তাঁর সামনে। আগামী দিনদশেকেই স্থির হয়ে যাবে, ইজরায়েল আগামী দিনে কোন পথে যাবে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha