Saturday, October 24, 2026
বাড়ি রাজ্য প্রাইভেট টিউশন করার দায়ে জিটি শিক্ষককে শোকজ নোটিশ দিল দপ্তর

প্রাইভেট টিউশন করার দায়ে জিটি শিক্ষককে শোকজ নোটিশ দিল দপ্তর

প্রাইভেট টিউশন করার দায়ে জিটি শিক্ষককে শোকজ নোটিশ দিল দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ অক্টোবর : সরকারি নিয়ম ও প্রোটোকল লঙ্ঘন করে প্রাইভেট টিউশন দেওয়ার অভিযোগে শোকজ করা হয়েছে সাব্রুম মহকুমার রুপাইছড়ি বিদ্যালয় পরিদর্শকের অধীন উথাইমগ পাড়া এসবি স্কুলের জিটি শিক্ষক নিত্যানন্দ দাসকে। অভিযোগ, সরকারি চাকরিতে কর্মরত থাকা অবস্থায় তিনি টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার কোচিং দিয়ে চলেছেন। জানা গেছে, বিষয়টি নিয়ে ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ার পর গত ২২ অক্টোবর ওই শিক্ষককে শোকজ নোটিশ জারি করা হয়। নোটিশে আগামী তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ (ডিপি) গ্রহণ করা হতে পারে।

এদিকে, সাব্রুম মহকুমার বিভিন্ন এলাকায় সরকারি কিছু শিক্ষকের বিরুদ্ধে গোপনে প্রাইভেট টিউশন চালিয়ে যাওয়ার অভিযোগও সামনে আসছে। সরকারি নিয়মকানুন উপেক্ষা করে এ ধরনের কার্যকলাপ চলছে। সূত্রের খবর, বিষয়টি বিদ্যালয় শিক্ষা দপ্তর গুরুত্ব সহকারে বিবেচনা করছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে কোনও শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত রয়েছেন বলে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তবে শোকজ নোটিশ জারি হওয়া মানেই অভিযোগ প্রমাণিত হওয়া নয়। সংশ্লিষ্ট শিক্ষকের জবাব এবং শিক্ষা দপ্তরের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে। তবে সরকারি শিক্ষকদের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রাইভেট টিউশনি করানোর অভিযোগ রয়েছে। বিষয়গুলি নিয়ে একাধিকবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ জমা করার পরেও কোন পদক্ষেপ নেই দপ্তরের। শুধুমাত্র কাগজে কলমে সতর্ক করে দায় এড়িয়ে চলেছেন শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের এমন কার্যকলাপের মতিগতি কি বুঝতে পারছে না রাজ্যবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha