স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : দেবীপক্ষে সূচনার পর মণ্ডপে মন্ডপে রওনা হয়েছেন দেবী দশভূজা। বাঙালির আবেগ জড়িত সর্বজনীন দুর্গাপূজার সঙ্গে। মাকে ঘরে আনতে কোনরকম ত্রুটি বিচ্যুতি থাকতে নেই। কিন্তু আজকাল বিভিন্ন ক্লাব এবং পূজা উদ্যোক্তাদের মধ্যে প্রতিমা ক্লাবে নিয়ে যাওয়ার সময় এবং নিরঞ্জনের সময় চরম অসতর্কতা লক্ষ্য করা যায়।
যার পরিণাম হয় অত্যন্ত ভয়াবহ এবং সনাতন ধর্মের মানুষ মনে বড় আঘাত পায়। পূজার প্রাকলগ্নে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। আগুনে পুড়ল প্রতিমার বস্ত্র, অলংকার সহ অন্যান্য সরঞ্জাম। যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কেউ কেউ ক্লাব কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলেছেন, আবার কেউ কেউ মনে করছেন বড় অনিয়ম হয়েছে। এই ঘটনা সংঘটিত হয়েছে রাজধানীর উত্তর বাধারঘাট স্থিত সুভাষ পল্লী এলাকার কৌরবস্ ক্লাবের প্রতিমা মন্ডপে নিয়ে যাওয়ার সময়।
ঘটনাটি সংঘটিত হয় সোমবার দুপুরের নাগাদ মিলন সংঘ - উন্নয়ন সংঘের মাঝবর্তী এলাকায়। প্রতিমা নিয়ে যাওয়ার সময় বিদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে প্রতিমা। সঙ্গে সঙ্গে প্রতিমায় আগুন ধরে যায়।প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রতিমার ব্যাপক ক্ষতি হয়। আগুনের পুড়ে যায় প্রতিমার পড়নের কাপড় সহ মুকুট ও অন্যান্য অলংকার। পরবর্তী সময় ক্লাব কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে এলাকাতেও ব্যাপক অসন্তোষ প্রকাশ পায়। কেন গাড়িতে ক্লাব কর্তৃপক্ষের পর্যাপ্ত লোক ছিল না? বাঁশ দিয়ে বিদ্যুতিক তার তুলে প্রতিমা মন্ডপে নিয়ে যেতে হয়। সে বিষয়ে কি ক্লাব কর্তৃপক্ষ ওয়াকিবহল নয়? কেন প্রতিমা নেওয়ার সময় এতটা গাফিলতি ক্লাব কর্তৃপক্ষের? এ বিষয়ে ক্লাবের সভাপতি রাজেশ দে -র কাছ থেকে কোন ষ্পষ্টিকরণ পাওয়া যায় নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান