স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ১৩ অক্টোবর : ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক বদলিকে কেন্দ্র করে এবার সরব হলেন হাসপাতাল সংলগ্ন এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ চিকিৎসক গৌতম দেবনাথের বদলির প্রতিবাদে আমবাসা–কমলপুর সড়ক অবরোধে বসেন তারা। এর জেরে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় বলে জানা যায়। সম্প্রতি ধলাই জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকে সম্প্রতি গণ্ডাছড়ায় বদলি করা হয়েছে। এই বদলির খবর সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
তাদের বক্তব্য, কিছুদিন আগেই হাসপাতাল থেকে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে বদলি করা হয়েছে। এবার মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক গৌতম দেবনাথকেও অন্যত্র বদলি করায় হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। এলাকাবাসীদের দাবি, ধলাই জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কমে গেলে সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে সমস্যার মুখে পড়তে হতে পারে। তাই চিকিৎসক বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে তাঁরা এই পথ অবরোধের কর্মসূচি গ্রহণ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলে এই অবরোধ। পরে ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন। এরপরই অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। তবে চিকিৎসক বদলির সিদ্ধান্ত নিয়ে এলাকাবাসীদের উদ্বেগের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। তাঁদের দাবি, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে জানা যায় যদি বদলি নির্দেশ প্রত্যাহার না হয়, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে খবর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান