Monday, August 31, 2026
বাড়ি রাজ্য পুলিশ মহানির্দেশকের সুইসাইড নোট প্রকাশের দাবি ঘিরে বিধানসভায় তুমুল হট্টগোল, এক দিনের জন্য বহিষ্কৃত বিধায়ক সুদীপ

পুলিশ মহানির্দেশকের সুইসাইড নোট প্রকাশের দাবি ঘিরে বিধানসভায় তুমুল হট্টগোল, এক দিনের জন্য বহিষ্কৃত বিধায়ক সুদীপ

পুলিশ মহানির্দেশকের সুইসাইড নোট প্রকাশের দাবি ঘিরে বিধানসভায় তুমুল হট্টগোল, এক দিনের জন্য বহিষ্কৃত বিধায়ক সুদীপ

আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) : ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা বিধানসভা। মৃত্যুর আগে প্রাক্তন ডিজিপি একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন বলে দাবি তুলে সেই নোট বিধানসভায় উত্থাপনের দাবি জানান বিরোধী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। আর এই দাবি ঘিরেই অধিবেশন কক্ষের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত সভার নিয়ম-নীতি লঙ্ঘন এবং বারবার হট্টগোলের অভিযোগে সুদীপ রায় বর্মনকে এদিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন অধ্যক্ষ রামপদ জমাতিয়া।

এদিন অধিবেশনে প্রয়াত প্রাক্তন ডিজিপি অনুরাগ ধ্যানকরের রহস্যজনক মৃত্যুর তদন্তের বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি দাবি করেন, মৃত্যুর আগে অনুরাগ ধ্যানকর একটি সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। সেই নোটে কী লেখা ছিল এবং মৃত্যুর সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে বিধানসভায় নোটটি উত্থাপনের দাবি জানান তিনি।

সুদীপ রায় বর্মনের এই বক্তব্যকে কেন্দ্র করেই অধিবেশন কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তিনি জোরালোভাবে প্রতিবাদ জানাতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যক্ষ রামপদ জমাতিয়া তাঁকে হট্টগোল না করার জন্য বারবার অনুরোধ করেন। জানা গেছে, অধ্যক্ষ পরপর তিনবার তাঁকে শান্ত থাকার এবং সভার নিয়ম মেনে চলার আহ্বান জানান। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

এরপরই কড়া অবস্থান নেন অধ্যক্ষ। সভার শৃঙ্খলা বজায় রাখতে সুদীপ রায় বর্মনকে এদিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। শুধু ঘোষণাতেই থেমে থাকেননি অধ্যক্ষ। বিধায়ককে সভাকক্ষ থেকে বের করে দেওয়ার জন্য মার্শাল ডাকেন এবং তাঁকে সভাকক্ষের বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

অধ্যক্ষের এই সিদ্ধান্ত ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের অন্যান্য বিধায়ক এবং বাম বিধায়করা প্রতিবাদে সরব হন। তাঁরা ওয়েলে নেমে এসে অধ্যক্ষের সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেন। ফলে অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত নিয়ে শুরু হওয়া আলোচনা মুহূর্তের মধ্যেই বিধানসভায় রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়।

ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠেছে। সেই তদন্তের স্বচ্ছতা, মৃত্যুর আগে কথিত সুইসাইড নোট এবং তার বিষয়বস্তু নিয়ে বিরোধীদের প্রশ্নের মধ্যেই এদিন বিধানসভায় বিষয়টি নতুন করে উত্তাপ ছড়ায়। সুইসাইড নোটটি সত্যিই রয়েছে কি না, থাকলে তাতে কী উল্লেখ রয়েছে এবং তদন্তে সেটির কী ভূমিকা রয়েছে—এই সমস্ত প্রশ্নকে সামনে এনে বিরোধী শিবির সরব হয়।

এদিনের ঘটনায় বিধানসভার কার্যক্রমও কার্যত উত্তপ্ত রাজনৈতিক বাকযুদ্ধের মঞ্চে পরিণত হয়। একদিকে সুইসাইড নোট বিধানসভায় পেশ করার দাবি, অন্যদিকে সভার নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্ন—দুইয়ের সংঘাতে শেষ পর্যন্ত এক দিনের জন্য বহিষ্কৃত হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। অধ্যক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী বিধায়কদের ওয়েলে নেমে বিক্ষোভ পরিস্থিতিকে আরও নাটকীয় করে তোলে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha