স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ আগস্ট : ধর্মনগর মহকুমা হাসপাতালে আই.সি.ইউ ইউনিট অবিলম্বে
চালু করা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগসহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ধর্মনগর
ব্লক কংগ্রেসের উদ্যোগে উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে গণ-ডেপুটেশন প্রদান করা
হয়।
সোমবার দুপুর
১ টায় ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে এই গণ-ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ডেপুটেশনে
কংগ্রেসের পক্ষ থেকে ধর্মনগর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন সমস্যা
তুলে ধরা হয়। কংগ্রেসের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে—ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে
আইসিইউ ইউনিট চালু করা, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ করা,
পর্যাপ্ত নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, পর্যাপ্ত ওষুধ, যন্ত্রপাতি ও চিকিৎসা
সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স পরিষেবা আরও শক্তিশালী
করা এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসা পরিবেশ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিশ্চিত
করা।
এছাড়াও জেলা
হাসপাতালের সামগ্রিক স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের দাবি জানানো হয় কংগ্রেসের পক্ষ
থেকে। গণ-ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নিরূপণ দে, প্রাক্তন জেলা কংগ্রেস
সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য কেবল নন্দী, ধর্মনগর
ব্লক কংগ্রেস সভাপতি সুদীপ দাস, মহিলা জেলা কংগ্রেসের সভানেত্রী মানসী মালাকার সহ কংগ্রেস
দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। এদিন উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি
সনদ তুলে দেওয়ার পর কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, আগামী ১০
দিনের মধ্যে উল্লিখিত দাবি গুলি পূরণ না হলে ১১ তম দিনে ধর্মনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে
সিএমও অফিস ঘেরাও করে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে। দাবি গুলি দ্রুত বাস্তবায়নের
মাধ্যমে ধর্মনগর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার উন্নতি করা হবে এমনটাই দাবি কংগ্রেস
নেতৃত্বের।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান