স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : রাজ্যে সরকারি চাকুরির ক্ষেত্রে পি.আর.টি.সি বাধ্যতা
মূলকের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রতিবাদ জানালো ডি.ওয়াই.এফ.আই এবং টি.ওয়াই.এফ। সোমবার
মেলারমাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে ডি ওয়াই এফ আই-র রাজ্য সভাপতি পলাশ
ভৌমিক বলেন আগে রাজ্যে সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতা মূলক ছিল। কিন্তু
সম্প্রতি সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে রাজ্যে সরকারি চাকুরির ক্ষেত্রে পিআরটিসি
বাধ্যতা মূলক নয়।
তবে রাজ্যে
সরকারি চাকুরি করার ক্ষেত্রে রাজ্যের যে কোন বিদ্যালয়ে ৫ বছর পড়ালেখা করার প্রমান দিতে
হবে। তিনি অভিযোগ করেন সরকারের এই সিদ্ধান্ত নির্দিষ্ট কাউকে সুযোগ করে দেওয়ার জন্য
হতে পারে। রাজ্যের বেকার যুবকদের স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত পুনঃবিবেচনার আবেদন
জানান তিনি।আরও বলেন, একদিকে রাজ্যের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডাক্তারের অভাবে চিকিৎসা
পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, একের পর এক ডেপুটেশন দিয়ে কোনোমতে জোড়াতালি চালানো
হচ্ছে; আর অন্যদিকে সমস্ত প্রশাসনিক যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মকর্তাদের দীর্ঘসূত্রতায়
আটকে রয়েছে ৪২ জন যোগ্য চিকিৎসকের অফার লেটার। যেখানে রাজ্যে ডাক্তার সংকটের কারণে
সাধারণ মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন, সেখানে প্রশাসনিক গাফিলতি ও সদিচ্ছার
অভাবে ৪২ জন প্রস্তুত থাকা চিকিৎসকের অফার লেটার আটকে রাখা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে
প্রশ্ন উঠছে।
স্বাস্থ্য
দপ্তরের এই টালবাহানা দূর করে অবিলম্বে চিকিৎসকদের হাতে অফার লেটার তুলে দেওয়ার দাবি
জানানো হচ্ছে। এইদিনের সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন বর্তমান সরকারের সময়ে ১৫ আগস্ট
স্বাধীনতা দিবস কলঙ্কিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজন করা একাধিক কর্মসূচি
বাঞ্চাল করা হয়েছে। বহু কর্মসূচিতে বাধা দান করা হয়েছে। সোনামুড়ায় জাতীয় পতাকা উত্তোলন
কর্মসূচিতে বাধা দিয়েছে বিজেপি কর্মীরা। স্বাধীনতা দিবসের দিনে জিবি বাজারে আক্রান্ত
হয়েছে একজন টিএসআর জওয়ান। এই সকল ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা
গ্রহণেরও দাবি জানান তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান