Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য রাবার গাছের চারা গাছ কেটে নষ্ট করার সময় হাতেনাতে আটক দুই

রাবার গাছের চারা গাছ কেটে নষ্ট করার সময় হাতেনাতে আটক দুই

রাবার গাছের চারা গাছ কেটে নষ্ট করার সময় হাতেনাতে আটক দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ জুলাই :শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লাউগাং সাহা পাড়া এলাকায় রাতের আঁধারে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অন্যের কষ্টার্জিত রাবার বাগানে ঢুকে প্রায় শতাধিক রাবার গাছের চারা গাছ কেটে নষ্ট করার সময় হাতেনাতে আটক করা হয়েছে দুই দুষ্কৃতি। ধৃত দুজনেই সম্পূর্ণ মদমত্ত অবস্থায় ছিল বলে জানা গেছে।

 এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায় লাউগাং সাহা পাড়া এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত  গত ১০ দিন আগে নিজের জমিতে একটি নতুন রাবারের বাগান তৈরি করেছিলেন। তীব্র দাবদাহের মধ্যেও কলসি করে জল এনে পরম যত্নে চারা গাছগুলিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন তিনি।কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই সেই বাগানে হানা দেয় দুই দুষ্কৃতকারী। অভিযোগ, তারা বাগানে ঢুকে একের পর এক রাবার গাছের চারা উপড়ে এবং ভেঙে নষ্ট করতে শুরু করে। প্রায় ১০০-রও বেশি চারা গাছ এভাবে ক্ষতিগ্রস্ত করা হয়।বাগানের মালিক প্রদীপ দত্ত জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে তিনি তড়িঘড়ি স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে বাগানে পৌঁছান এবং দুষ্কৃতকারীদের হাতেনাতে ধরে ফেলেন। আটকের সময় দুজনেই চরম মদমত্ত অবস্থায় ছিল। ধৃতদের মধ্যে একজনের নাম মিঠুন দেবনাথ এবং অপরজন নাথকলোনির বাসিন্দা বলে জানা গেছে। পরে ঘটনার খবর দেওয়া হয় শান্তিরবাজার থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরম যত্নে লাগানো চারা গাছ এভাবে নষ্ট করার পেছনে কোনো পুরনো শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে শান্তিরবাজার থানার পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাগান মালিক সহ গোটা এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha