Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বেআইনি কার্যকলাপ বৃদ্ধির প্রতিবাদে পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

বেআইনি কার্যকলাপ বৃদ্ধির প্রতিবাদে পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

বেআইনি কার্যকলাপ বৃদ্ধির প্রতিবাদে পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করলেন সম্মিলিত সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাচার,ইয়াবা ট্যাবলেট,কফ সিরাপ,গাঁজা,জুয়া চক্র,বেআইনি মদ,বার্মিজ সিগারেট এবং গরু পাচারের মতো ঘটনা ক্রমশ বেড়ে চলেছে।

এর ফলে বর্তমান ও আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ডেপুটেশনে আরও উল্লেখ করা হয়,অসম ও মিজোরাম সীমান্তবর্তী বিভিন্ন রুট দিয়ে এসব বেআইনি পণ্য উত্তর জেলায় প্রবেশ করছে। বিশেষ করে বার্মিজ সিগারেট ও বার্মিজ গরু সংগঠিত চক্রের মাধ্যমে উত্তর জেলা পেরিয়ে ঊনকোটি জেলা ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী, দামছড়া, পানিসাগর, কাঞ্চনপুর, পেঁচারথল, কুমারঘাট ও কৈলাশহর এলাকাকে পাচার রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক প্রতিনিধিদলের দাবি, এছাড়াও সম্মানজনক পেশার মুখোশের আড়ালে কিছু অসাধু ব্যক্তি এই বেআইনি চক্র পরিচালনা করছে। তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়াও বেআইনি পাচার রোধে দ্রুত তদন্ত চালিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার অবিনাশ রাই প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানান,বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha