স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : মঙ্গলবার সকাল ৯ টা থেকে কালবৈশাখী ঝড়ের তান্ডবে এবং শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি আগরতলা শহরে। চারদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি নামে, সঙ্গে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টি। এতে ভেঙে পড়ে রাস্তার পাশে থাকা বিশাল আকৃতির গাছ।
ব্যাপক ক্ষয় ক্ষতি হয় রাজধানীর বড়দোয়ালি এলাকা, লেক চৌমহনি সংলগ্ন এলাকা, সার্কেট হাউস সংলগ্ন এলাকা এবং শালবাগান এলাকায়। রাস্তার পাশে থাকা বিশালাকৃতির গাছ ভেঙে পড়ে যানবাহনের উপর। দুমড়েমুচড়ে যায় যানবাহন। যদিও খবর লেখা পর্যন্ত কেউ আহত হওয়ার খবর নেই। দীর্ঘ এক ঘন্টা টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন ব্যস্ততম রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। ফলে চরম যানজট সৃষ্টি হয় গোটা শহরে।

একই সঙ্গে বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ায় বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মী এবং বিদ্যুৎ নিগমের কর্মীরা। দ্রুত সংস্কারের কাজে হাত লাগায় তারা। রাস্তার উপরে পড়ে থাকা গাছ কেটে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের জন্য উপযোগী করে তোলেন। তবে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে রাজধানীর দুর্গা চৌমহনি বাজারে ব্যবসায়ীদের দোকানপাটে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি করে তাদের সরঞ্জামের। ব্যবসায়ীদের বক্তব্য আগেই ভালো ড্রেন ছিল। এখন যে কভার ড্রেন তৈরি করেছে তা দিয়ে জল সঠিকভাবে নিষ্কাশন হয় না। যার ফলে তাদের দোকানপাটে জল ঢুকে ব্যাপক ক্ষতি ডেকে আনছে। এদিকে খবর লেখা পর্যন্ত আগামী ২৪ ঘণ্টা আবারো ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে ত্রিপুরার আবহাওয়া দপ্তর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান