স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩১ মার্চ : বেপরোয়া মিনি বাসের ধাক্কায় এক এস.পি.ও জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয় এবং আহত এক পুলিশ কর্মী। ঘটনা মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটা নাগাদ গন্ডাছড়া-রইস্যাবাড়ি সড়কের দেবনাথ পাড়া বটগাছ চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এসপিও কর্মী অজেন্দ্র ত্রিপুরা ও পুলিশ কর্মী পরশুরঞ্জন কপালি আদালত থেকে জরুরি নথি নিয়ে বাইকে করে থানায় ফিরছিলেন। সেই সময় গন্ডাছড়া থানা থেকে পুলিশবাহী একটি মিনি বাস নারায়ণপুরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাইকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজেন্দ্র ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। অজেন্দ্র ত্রিপুরার বয়স ৫০। আহত পরশুরঞ্জন কপালিকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলার টেপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক মিনি বাসটি আটক করেছে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে স্থানীয়রা বাস চালককে বেধড়ক মারধর করেছে। পুলিশ গাড়িটি আটক করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান