স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জানুয়ারি :ত্রিপুরা রাজ্যের আগর শিল্পের বিকাশে এক ঐতিহাসিক পদক্ষেপের পথে আরও এক ধাপ উত্তর জেলার। আগামী ২৪ জানুয়ারি, রাজ্যে প্রথমবারের মতো আগর প্রসেসিং ইউনিটের শিলান্যাস অনুষ্ঠিত হতে চলেছে। উত্তর জেলার কদমতলা ব্লকের অন্তর্গত বড়গোল আগর মার্কেটে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই উপলক্ষে বুধবার দুপুরে কদমতলা পঞ্চায়েত সমিতির ২ নম্বর কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথ, ডিএফও সুমন মল্ল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বৈঠকে জেলা শাসক চাঁদনী চন্দ্রন জানান, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই আগর প্রসেসিং ইউনিট ও আধুনিক আগর মার্কেট শুধু রাজ্য সরকারের উদ্যোগকে আরও শক্তিশালী করবে না, বরং উত্তর জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এক নতুন গতি সঞ্চার করবে।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় আগর চাষি, কৃষক ও ব্যবসায়ীদের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।তিনি আরও উল্লেখ করেন, আগর শিল্পের আধুনিকীকরণ ও প্রসেসিং ব্যবস্থার উন্নতির মাধ্যমে ত্রিপুরার এই ঐতিহ্যবাহী শিল্প জাতীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন পরিচিতি লাভ করবে, যা রাজ্যের রপ্তানি সম্ভাবনাকেও বহুগুণ বাড়িয়ে তুলবে। উল্লেখ্য, শিলান্যাস ও পরিদর্শন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী, প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই উত্তর জেলার আগর চাষি ও ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান