Tuesday, October 13, 2026
বাড়ি জাতীয় ৭০ শতাংশ কমতে পারে ক্যানসারের ওষুধের দাম! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

৭০ শতাংশ কমতে পারে ক্যানসারের ওষুধের দাম! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

৭০ শতাংশ কমতে পারে ক্যানসারের ওষুধের দাম! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৩ অক্টোবর : ক্যানসার। এই মারণরোগে আক্রান্ত হওয়া মানেই সেই ব্যক্তি ও তার পরিবারের কাছে তা এক ভয়ংকর বিপদ হিসেবে উপস্থিত হয়। কেবলই প্রিয় মানুষটির স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ নয়, এরই সঙ্গে থাকে বিপুল খরচ সামলানোর চ্যালেঞ্জও। এবার সেই বিষয়ে স্বস্তির খবর শোনাচ্ছে কেন্দ্র। সোমবারই সুপ্রিম কোর্টকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মোদি সরকার ক্যানসারের ওষুধের উপরে এমআরপি তথা সর্বোচ্চ খুচরো মূল্য ৩০ শতাংশ পর্যন্ত ট্রেড মার্জিন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। অনুমান করা হচ্ছে, এই পদক্ষেপের ফলে ক্যানসারের ওষুধের এমআরপি ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে রোগীদের বার্ষিক প্রায় ২৫০০ কোটি টাকার সাশ্রয় হবে।


বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চকে জানানো হয়েছে, এনপিপিএ গত ৮ অক্টোবর অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র ক্যানসারের ওষুধের একটি তালিকা প্রকাশ করবে, যেগুলোর উপরে এই নিয়ম প্রযোজ্য হবে। বাজারের পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের প্রয়োজন অনুসারে সময়ে সময়ে এই তালিকায় নতুন ওষুধ যুক্ত করা হবে।

হলফনামায় আরও বলা হয়েছে যে, কোথাও কোথাও খুচরো বিক্রেতারা বেশি মুনাফা রেখে স্থানীয় ব্র্যান্ডের প্রচার করে থাকেন। সরকার এই ধরনের কার্যকলাপের তদন্ত করছে এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে।


উল্লেখ্য, এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল যে, কিছু কিছু ক্যানসারের ওষুধের এমআরপি খুচরা বিক্রেতার মূল্যের চেয়ে দশ গুণ পর্যন্ত বেশি। প্রশ্ন তোলা হয়, ২,৭০০ টাকার ওষুধ কী করে ২৭ হাজার টাকার ওষুধ হতে পারে। কেন্দ্রের তরফে স্বীকারও করে নেওয়া হয়েছে যে, অভিযোগ হাসপাতালগুলি উচ্চ ট্রেড মার্জিন প্রদানকারী সংস্থাগুলির কাছ থেকে ক্যানসারের ওষুধ কিনে রোগীদের কাছে তা এমআরপি-তে বিক্রি করছে। এক্ষেত্রে মার্জিন ১৭০ থেকে ৭০০ শতাংশ বা তারও বেশি বলে জানা গিয়েছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha