স্যন্দন ডিজিটাল ডেস্ক ১৩ অক্টোবর : ওষুধের দোকানেই রমরমিয়ে চলছিল মাদক ব্যবসা। এরই প্রতিবাদ করায় খুন হতে হল পাঞ্জাবের মাদক বিরোধী সমাজকর্মীকে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পাঞ্জাবের মানসা শহরে। অভিযোগ, মাদক বিক্রিতে আপত্তি তোলায় তাঁকে গুলি খুন করেছেন ওই ওষুধের দোকানের মালিক। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনা মঙ্গলবার সকালে। পারবিন্দর সিং ঝোটা নামে এক ব্যক্তি দোকানের সামনে গোটা ঘটনার লাইভ করছিলেন। দোকানের এক কর্মীকে তিনি মাদক বিক্রি সংক্রান্ত প্রশ্ন করছিলেন। এক বয়স্ক ব্যক্তির পাশে দাঁড়িয়ে তিনি দাবি করেন, এই দোকান থেকে তিনি মাদক কিনেছেন। দোকানের মালিকও ঘটনাস্থলে এসে উপস্থিত হলে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। এই অবস্থায় পারবিন্দরের সামনে পিস্তল উঁচিয়ে ধরেন দোকান মালিক।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অবস্থায় পারবিন্দর চিৎকার করে বলতে থাকেন, “আপনি পিস্তল কেন রেখেছেন? আমাকে গুলি করবেন? করুন।” সেখানে থাকা বাকিদের উদ্দেশে পুলিশকে ফোন করতে ও আরও লোক জড়ো করতে বলেন ওই যুবক। দোকান মালিক পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধের উদ্দেশে বলেন, তিনি কি তাঁর কাছ থেকে মাদক কিনেছেন? পারবিন্দর বলেন, হ্যাঁ কিনেছেন। আমার কাছে রেকর্ডিং রয়েছে। আপনি আপনার সিসিটিভি ফুটেজ দেখান। এই তর্ক বিতর্কের মাঝেই পারবিন্দরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন দোকান মালিক। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপরই তাঁর হাত থেকে ফোন পড়ে গিয়ে তা বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, পারবিন্দর বেশ কয়েক বছর ধরে মানসা ও তার পার্শ্ববর্তী এলাকায় মাদকের অপব্যবহার এবং কিছু ওষুধের দোকানের মাধ্যমে নেশার দ্রব্যের অবৈধ বিক্রির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। সোশাল মিডিয়াতেই মাদক বিরোধী প্রচার চালাতেন তিনি। তাঁর মৃত্যুতে পাঞ্জাবের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আপ সরকারের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বিজেপি, কংগ্রেস ও আকালি দল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ওই দোকান মালিক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান