স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : বিদ্যালয়ের বেঞ্চ, চেয়ার-টেবিল সহ বিভিন্ন সামগ্রী সরবরাহে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার অন্তর্গত চালিতাছড়ি বাজার বিদ্যালয়ে। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এলাকাবাসী ভারপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র দেবকে তালা বন্দি করে রাখেন বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, গত ২২ তারিখে একটি নির্দেশ জারি করে বিদ্যালয়ের জন্য জয়েন বেঞ্চ, চেয়ার-টেবিল সহ বিভিন্ন সামগ্রীর হিসাব দেওয়া হয়েছিল।
কিন্তু
বৃহস্পতিবার দেখানো হিসাব অনুযায়ী বিদ্যালয়ে সামগ্রী সরবরাহ করা হয়নি বলে অভিযোগ। তারপর এলাকাবাসী একত্রিত হয়ে বিদ্যালয়ে গিয়ে সামগ্রী কম আসার কারণ
জানতে চান। তাদের অভিযোগ, সেই বিষয়ে ভারপ্রাপ্ত শিক্ষক নিতাই চন্দ্র দেব সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি। এলাকাবাসীর আরও অভিযোগ, বিষয়টি নিয়ে ডেপুটি আই.এস তপন
দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তবে এই অভিযোগের বিষয়ে
সংশ্লিষ্ট আধিকারিকের বক্তব্য জানা যায়নি। শুধু বিদ্যালয়ের আসবাবপত্র নয়, মিড-ডে মিলের খাবার
নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। তাদের
দাবি, মিড-ডে মিলের জন্য
বরাদ্দ অনুযায়ী ছাত্রছাত্রীদের খাবার দেওয়া হয় না। পাশাপাশি, কোনও কোনও দিন ছাত্রছাত্রীদের পাঁচ টাকা দামের বিস্কুট ও পাঁচ টাকা
দামের মিমি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এছাড়াও বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসেন না।
এমনকি প্রধান শিক্ষকও সপ্তাহে মাত্র এক থেকে দু'দিন বিদ্যালয়ে আসেন বলে দাবি তাদের। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে চালিতাছড়ি বাজার স্কুলের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্যালয়ের পঠনপাঠন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার এবং বিদ্যালয়ের পরিকাঠামো—সব ক্ষেত্রেই সমস্যার অভিযোগ সামনে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। এখন বিদ্যালয়ের আসবাবপত্র সরবরাহের প্রকৃত হিসাব, মিড-ডে মিলের বরাদ্দ ও বাস্তব পরিস্থিতি এবং শিক্ষকদের উপস্থিতি নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে। তবে অভিযোগগুলির সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা দপ্তরের বক্তব্য পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান