Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য কাঁটাতারের বেড়া কেটে গরু চুরি

কাঁটাতারের বেড়া কেটে গরু চুরি

কাঁটাতারের বেড়া কেটে গরু চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : সাব্রুম মহাকুমার মনুঘাট এলাকার রমেন্দ্রনগরে ভারত বাংলা সীমান্তে চুরির ঘটনা ঘটেছে।অভিযোগ, রবিবার রাতে বাংলাদেশি চোরের দল আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার কেটে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে দুটি গরু চুরি করে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায়, ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে কাঁটাতার কেটে প্রবেশ করে গরুগুলিকে গলার দড়ি কেটে নিয়ে যায়। পরবর্তীতে ফেনী নদীর খরস্রোতা ও বর্ষাকালের প্রবল জলে পার হয়ে গরুগুলিকে বাংলাদেশে পাচার করে নেয় তারা।

সোমবার সকালে বিষয়টি প্রকাশ্যে আসতেই গ্রামজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘটনাস্থলটি বিএসএফের ওয়াচ টাওয়ার পোস্ট থেকে মাত্র ৫০ মিটার দূরে এবং সেখানে প্রায় ৩০ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে গোটা সীমান্ত এলাকা নজরদারির আওতায় থাকার কথা। এলাকায় নিয়মিত আলোর ব্যবস্থাও রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতেই ডাকাত দল কীভাবে বিএসএফের চোখ ফাঁকি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল এবং আবার নির্দ্বিধায় গরু নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হল?

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সীমান্তে বিএসএফের কার্যত কোনো উল্লেখযোগ্য ভূমিকা নেই। গ্রামবাসীর মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে— যদি গরু পর্যন্ত এভাবে নিয়ে যায়, তবে ভবিষ্যতে ডাকাত দল যে কোনো সময় সীমান্ত এলাকার বাড়িঘরে বড় ধরনের ডাকাতির ঘটনাও ঘটাতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সীমান্তজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha