স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : বিগত বছর ২০, ২৪ এবং ২৯ ডিসেম্বর আগরতলা শহরের পূর্ব থানা এলাকায় একাধিক চুরির ঘটনার তদন্ত নেমে চার চোরকে জালে তুলল পুলিশ। মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক এ বিষয়ে বিস্তারিত জানান।
তিনি বলেন, ২০২৩ সালে ২০, ২৪ এবং ২৯ ডিসেম্বর বনমালীপুর ও ধলেশ্বর এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। যে সকল বাড়িতে চুরি হয়েছে সেই সকল বাড়ির মালিক থানায় অভিযোগ দায়ের করেন। তারপর পূর্ব আগরতলা থানার ওসির নেতৃত্বে একটা টিম গঠন করে তদন্ত শুরু করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অমিত দেববর্মা নামে এক জনকে শনাক্ত করে।
পরবর্তী সময় অভয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় কিছু স্বর্ণালঙ্কার। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর তার দলের আরও তিন সদস্যের নাম বেরিয়ে আসে। তারা হল অভিজিৎ দেববর্মা, কমল দেববর্মা ও আকাশ রবি দাস। তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু স্বর্ণালঙ্কার ও চুরি যাওয়া সামগ্রী। উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার সহ সামগ্রীর মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা হবে। ধৃতরা এনসিসি থানা এলাকায়ও চুরির ঘটনার সাথে জড়িত বলে জানান তিনি। তিনি আরও জানান ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান