Friday, August 21, 2026
বাড়ি রাজ্য জোট সরকারের আমলে উন্নয়ন কোমর ভেঙে পড়েছে এডিসি এলাকায়, অসহায় জনসাধারণ

জোট সরকারের আমলে উন্নয়ন কোমর ভেঙে পড়েছে এডিসি এলাকায়, অসহায় জনসাধারণ

জোট সরকারের আমলে উন্নয়ন কোমর ভেঙে পড়েছে এডিসি এলাকায়, অসহায় জনসাধারণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : বর্তমান জোট সরকারের আমলে চেহারা বদলায় নি শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গাদ্দাং এলাকার পূর্ণ জয় রিয়াংপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে পানীয় জল, শৌচাগার যোগাযোগ ব্যবস্থার অবস্থা কাহিল। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নলকূপ বা জল সরবরাহের ব্যবস্থা থাকলেও বর্তমানে পর্যাপ্ত পানীয় জলের সুবিধা নেই। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শৌচালয়ের অবস্থাও অত্যন্ত নোংরা। ফলে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ছাত্রছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে। মাত্র একটি কক্ষে পাঠদান পরিচালনা করতে হয়। বর্তমানে দুজন শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করায় বলেও জানা গেছে। এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, পূর্ণ জয় রিয়াং পাড়ায় বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট রয়েছে। অনেক পরিবারকে পানীয় জল কিনে ব্যবহার করতে হয় বলে দাবি করেছেন স্থানীয়রা। এর প্রভাব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরও পড়ছে বলে অভিযোগ। অসুস্থতার সময় পর্যাপ্ত উপযুক্ত শৌচাগার ব্যবস্থার অভাবেও সমস্যায় পড়তে হয়। শুধু বিদ্যালয় নয়, এলাকার রাস্তাঘাটের অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ গ্রামবাসীর। ছাত্রছাত্রীদের দূর থেকে হেঁটে বিদ্যালয়ে আসতে হয়।

 পাশাপাশি, কোনও জরুরি রোগীকে হাসপাতালে বা চিকিৎসার জন্য নিয়ে যেতেও রাস্তার দুরবস্থার কারণে সমস্যার সৃষ্টি হয় বলে স্থানীয়দের দাবি।বিদ্যালয়ের জন্য জমি দান করা নন্দলাল ত্রিপুরা সংবাদমাধ্যমের কাছে তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও পর্যাপ্ত উন্নয়নমূলক উদ্যোগ চোখে পড়েনি। তাঁর অভিযোগ, ২০১৮ সালের পর থেকে এলাকার সমস্যা সমাধানে জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি। তিনি সরকারের কাছে দ্রুত পানীয় জল, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন এবং রাস্তা সংস্কারের দাবি জানান। স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনের সময় এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে সেই দাবিগুলি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শান্তিরবাজারের বিধায়ক প্রমোদ রিয়াং সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে এলাকাবাসীর দাবি, তাঁরা যেন দ্রুত গ্রামটি পরিদর্শন করে পানীয় জল, বিদ্যালয়ের শৌচাগার অন্যান্য পরিকাঠামোগত সমস্যার সমাধানে উদ্যোগ নেন। এদিকে, নন্দলাল ত্রিপুরা সহ এলাকার বাসিন্দারা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছেও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আবেদন জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha