স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১৫ আগস্ট :স্বাধীনতা দিবসের
দিন অনলাইন প্রতারককে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন সংগঠিত করল এলাকাবাসী।
ঘটনার বিবরণে জানা যায়, কলাছড়া শাকবাড়ি এলাকার বাসিন্দা শান্তি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে
শুক্রবার রামরাইবাড়ি এলাকার এক যুবক অনলাইনে টাকা ট্রান্সফার সংক্রান্ত বিষয়ে অভিযোগ
দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনুবাজার থানার পুলিশ শান্তি রঞ্জন ত্রিপুরাকে তাঁর
নিজ বাড়ি শাকবাড়ি থেকে গ্রেফতার করে। এই গ্রেফতারের প্রতিবাদেই সকাল থেকে ক্ষুব্ধ হয়ে
ওঠেন শাকবাড়ি এলাকার বাসিন্দারা।
শান্তি রঞ্জন
ত্রিপুরাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে—এমন
অভিযোগ তুলে তাঁর বাড়ির সামনে আগরতলা–সাব্রুম ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে
বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে শান্তি রঞ্জন ত্রিপুরাকে
নিঃশর্তে মুক্তি দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় সাব্রুম পুলিশ সুপার দীপ্তনু বিশ্বাস সহ পুলিশের
উচ্চপদস্থ আধিকারিকরা। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা
চালানো হয়। তবে দীর্ঘক্ষণ তারা নিজেদের দাবিতে অনড় থাকেন।
অবরোধ তুলে
নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বেশ কিছুটা হিমশিম খেতে হয়। জাতীয় সড়কে অবরোধের জেরে যানবাহনের
দীর্ঘ লাইন তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত
শাকবাড়ি এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে
পুলিশ প্রশাসন। তবে শান্তি রঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে উঠা অভিযোগ এবং গ্রেফতারের বিষয়ে
পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এখনও জানা যায়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান