স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতে রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি পেশ করেন। তারপরই অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৩৪,২১২.৩১ কোটি টাকা।
আয় ধরা হয়েছে ৩৩,৯৭১.৫৯ কোটি টাকা। বাজেট ঘাটতি ২৪০.৭২ কোটি টাকা। পরবর্তী সময়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিক সম্মেলন করে বলেন, এত সুন্দর একটা বাজেট পেশ করার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরের তুলনায় ২০২৬-২৭ অর্থ বছর বাজেট বৃদ্ধি করা হয়েছে ৫.৫২ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ব্যয় ধরা হয়েছে ২,৪৪১.৫০ কোটি টাকা। যা বিগত বছরের বাজেটের তুলনায় ২৫.২৯ শতাংশ বেশি। এইবারের বাজেটে কোন নতুন কর আরোপের প্রস্তাব নেই। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে ব্যয় ধরা হয়েছে ১,৯৮৫.৬১ কোটি টাকা। যা বিগত বছরের তুলনায় ৫.৩১ শতাংশ বেশি। শিক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে ৬,৪৩৯.৫৬ কোটি টাকা। এই বছর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিন ৬০ টি নতুন গ্রামীণ বাজার ও ১০০ টি কৃষক পরামর্শ কেন্দ্র সহ কৃষি উপ-বীজ সংরক্ষণাগার এবং ৩০ টি কৃষক জ্ঞান কেন্দ্র স্থাপন করা হবে। উদ্যানজাত পণ্যের বিপণন অবকাঠামো শক্তিশালী করতে ৩০ টি স্থানে বাজার শেড নির্মাণ করা হবে এই বছর। অভয়নগর ভেটেরিনারি হাসপাতালে একটি পশু ক্রিটিকেল কেয়ার ইউনিট ও ব্লাড ব্যাঙ্ক স্থাপন করা হবে। আগরতলার গুর্খাবস্তিতে ত্রিপুরা স্টেট ফিসারিস অ্যাওয়ারনেস সেন্টার স্থাপন করা হবে। ১২ টি বিদ্যালয়ে এই বছর নতুন ভবন নির্মাণ করা হবে। ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিকেল ইউনিভার্সিটি ও ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে। বিলোনিয়ার ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর কলেজ, করবুক সরকারি ডিগ্রি কলেজ। রাম ঠাকুর কলেজ, এবং পুরাতন আগরতলা সরকারি ডিগ্রি কলেজে নতুন একাডেমীক ভবন নির্মাণ করা হবে। রামঠাকুর কলেজ ক্যাম্পাসে ১ হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম নির্মাণ করা হবে।
বাধারঘাটের দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে ৩০ হাজার দর্শক ধারনক্ষমতা বিশিষ্ট গ্যালারি নির্মাণ করা হবে। ধলাই জেলা হাসপাতালে ক্রিটিকেল কেয়ার ব্লক, তেলিয়ামুড়া, খোয়াই ও বিশ্রামগঞ্জ হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার খোলা হবে। জিবি হাসপাতালে জেনেরিয়েট্রিক ও ডায়াবেটিস কেয়ার ইউনিট স্থাপন করা হবে। গোমতী জেলার কালাঝাড়িতে একটি নতুন প্রাথমিক হাসপাতাল স্থাপন করা হবে। রানীরবাজার ও পেচারথল প্রাথমিক হাসপাতালকে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে উন্নিত করা হবে। ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সাইন্স প্রতিষ্ঠা করা হবে। নতুন করে ৫০ শয্যা বিশিষ্ট দুইটি এসটি হোস্টেল নির্মাণ করা হবে। দক্ষিন ত্রিপুরার কলসিতে একটি সিন্থেটিক ফুটবল মাঠ নির্মাণ করা হবে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে আরও ১১৭ টি আরসিসি ফুটব্রিজ নির্মাণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এই বাজেট দ্বারা রাজ্যবাসী উপকৃত হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান