Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য ধর্মনগর উপনির্বাচনে সিপিআই(এম) প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষুব্ধ সুদীপ, প্রার্থী প্রত্যাহারের দাবি

ধর্মনগর উপনির্বাচনে সিপিআই(এম) প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষুব্ধ সুদীপ, প্রার্থী প্রত্যাহারের দাবি

ধর্মনগর উপনির্বাচনে সিপিআই(এম) প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষুব্ধ সুদীপ, প্রার্থী প্রত্যাহারের দাবি

আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম) আগাম প্রার্থীর নাম ঘোষণা করায় তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। পাশাপাশি তিনি এই উপনির্বাচনে সিপিআই(এম)-এর প্রার্থী প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

শুক্রবার এক প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মণ বলেন, অতীতে বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করার বৃহত্তর স্বার্থে কংগ্রেস প্রার্থী দেয়নি। ভোট যাতে বিভক্ত না হয়, সেই লক্ষ্যেই কংগ্রেস ওই সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সময় সিপিআই(এম) তাদের প্রার্থী দিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম) কংগ্রেসের সঙ্গে কোন ধরনের আলোচনা না করেই আগাম প্রার্থী ঘোষণা করেছে, যা একেবারেই অনভিপ্রেত। সুদীপ রায় বর্মণের মতে, বিজেপি-এর বিরুদ্ধে লড়াই করতে হলে বিরোধী শক্তিগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, যদি সত্যিই বিজেপিকে পরাস্ত করার আন্তরিকতা থাকে, তাহলে সিপিআই(এম)-এর উচিত ধর্মনগর উপনির্বাচনে তাদের প্রার্থী প্রত্যাহার করা এবং বিরোধী শক্তির মধ্যে সমন্বয় বজায় রাখা। অন্যথায় বিরোধী ভোট বিভক্ত হলে বিজেপি এর সুবিধা নেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha