Friday, October 16, 2026
বাড়ি রাজ্য সক্রিয় জঙ্গিকে আটক করে মুখ খুললেন জেলা পুলিশ সুপার

সক্রিয় জঙ্গিকে আটক করে মুখ খুললেন জেলা পুলিশ সুপার

সক্রিয় জঙ্গিকে আটক করে মুখ খুললেন জেলা পুলিশ সুপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ডিসেম্বর : দামছড়া থানা এলাকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। পুলিশ, টিএসআর ও গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্টের সক্রিয় ক্যাডার কর্নজয় রিয়াং ওরফে লাথা-কে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দামছড়া থানা এলাকার কারগিল টিল্লা অঞ্চলে অভিযান চালানো হয়। সেখানেই কারগিল টিল্লার বাসিন্দা আনন্দ রিয়াংয়ের বাড়িতে আত্মগোপন করে থাকা অবস্থায় টি ইউ এন এফ -এর সদস্য কর্নজয় রিয়াংকে আটক করা হয়।

ধৃতের বাড়ি অসমের হাইলাকান্দি জেলার বাগছড়া এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, ১৩ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন ও গোয়েন্দা শাখার কাছে তথ্য ছিল যে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় লুকিয়ে রয়েছে কর্নজয় রিয়াং। সেই তথ্যের ভিত্তিতেই যৌথভাবে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কর্নজয় রিয়াং দীর্ঘদিন ধরে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন টি ইউ এন এফ-এর সঙ্গে যুক্ত। অভিযোগ অনুযায়ী, সংগঠনের প্রায় ৩০ জনের একটি ব্যাটেলিয়ানে ‘মেজর’ পদে সে দায়িত্বে ছিল। গত প্রায় এক বছর ধরে সক্রিয়ভাবে উগ্রবাদী কার্যকলাপে যুক্ত ছিল বলেও পুলিশের দাবি। এছাড়াও জানা গেছে, গ্রেপ্তারের আগে সে মিজোরামে বসবাস করছিল। এ বিষয়ে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই জানান, গত বছরের ১৪ আগস্ট ভাংমুন সড়ক থেকে টি ইউ এন এফ-এর দুই সক্রিয় সদস্য—ধনঞ্জয় রিয়াং ও সদাইনন্দ রিয়াং-কে গ্রেপ্তার করা হয়।

তাদের পরিকল্পনা ছিল ১৫ আগস্ট পুলিশ বাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো, প্রাণহানি ঘটানো এবং পুলিশের অস্ত্র লুট করা। পরবর্তীতে ভাংমুন নাকা গেটে গোপন খবরের ভিত্তিতে তল্লাশির সময় একটি গাড়ি থেকে ওই দুই কুখ্যাত জঙ্গিকে আটক করা হয়। পুলিশ সুপার আরও জানান, ধৃত কর্নজয় রিয়াংয়ের বিরুদ্ধে ভাংমুন থানায় VGM PS Case No. 07/2025 ধারায় আগে থেকেই আগে থেকেই মামলা নথিভুক্ত রয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারা ছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ নম্বর ধারা অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।  পুলিশের দাবি, ধৃত ক্যাডারকে জিজ্ঞাসাবাদ চালালে উগ্রবাদী নেটওয়ার্ক, সীমান্তপারের যোগাযোগ এবং ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনা সংক্রান্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। নিরাপত্তা বাহিনী বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্ত আরও জোরদার করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha