Monday, October 12, 2026
বাড়ি খেলা শেষ হল ক্যাপ্টেন হরমনপ্রীতের সফর, ইস্তফা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক

শেষ হল ক্যাপ্টেন হরমনপ্রীতের সফর, ইস্তফা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক

শেষ হল ক্যাপ্টেন হরমনপ্রীতের সফর, ইস্তফা দিলেন বিশ্বজয়ী অধিনায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৬ অক্টোবর :   তাঁর নেতৃত্বে ইতিহাস গড়েছে ভারতের নারীশক্তি। প্রথমবার বিশ্বকাপ এসেছে তাঁরই অধিনায়কত্বে। মাত্র কয়েকদিন আগে তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল এশিয়ান গেমসে সোনা জিতেছে। সেই হরমনপ্রীত কউর এবার সরে দাঁড়ালেন ভারতীয় দলের নেতৃত্ব থেকে। সব ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার এই ঘোষণার ফলে ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান হল। 


ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা করেছেন হরমনপ্রীত। লিখেছেন, ‘ভারতীয় মহিলা দলের অধিনায়কের দায়িত্ব ছাড়লাম আজ থেকে। সিদ্ধান্তটা মোটেই সহজ ছিল না। বহু বছরের স্মৃতি, আবেগ, আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। এই দল এবং ভারতের মহিলা ক্রিকেটের জন্য আমি সর্বস্ব দিয়েছি। নিজের খেলার সঙ্গেও আপোস করেছি অধিনায়ক হিসাবে। মনে করেছি, সবার আগে দল। তাই নিজের চাওয়া-পাওয়াকে অগ্রাহ্য করেছি।’


বিদায়বেলায় হরমনের মত, অধিনায়ক হিসাবে বহু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যা হয়তো অনেকে মানতে পারেননি, যার জন্য ব্যাটার হরমনপ্রীতের লাভ হয়নি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে একটাই উদ্দেশ্য ছিল হরমনের, যেন ভারতীয় দলের উন্নতি হয়। বলেছেন, ‘আমি সবই দেখেছি। ব্যর্থতা, সমালোচনা থেকে সাফল্য, সেলিব্রেশন, গর্ব-সমস্তই ঘটেছে। আজ আমি অধিনায়কত্ব ছাড়ছি প্রচুর আবেগ নিয়ে। কিন্তু সঙ্গে রয়েছে একরাশ শান্তি। কারণ আমি জানি, আমার দল খুব ভালো জায়গায় রয়েছে।’


তবে নেতৃত্ব ছাড়লেও জাতীয় দলে খেলা চালিয়ে যেতে চান হরমন। বলেছেন, ‘আমার এখন নতুন অধ্যায়। অধিনায়কত্ব আজ হয়তো শেষ হল কিন্তু ভারতীয় দলের প্রতি ভালোবাসা কোনওদিন শেষ হবে না। খেলাটার প্রতি ভালোবাসা থেকে এবার ক্রিকেট চালিয়ে যেতে চাই। আমার সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বোর্ড এবং প্রত্যেকজন ভক্তকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য।’ হরমন অধিনায়কত্ব ছাড়ায় এবার স্মৃতি মন্ধানাকেই পূর্ণ সময়ের অধিনায়ক করা হতে পারে। আসলে বিশ্বকাপ জিতলেও হরমনের ব্যাটিং নিয়ে বহুদিন ধরেই সমালোচনা রয়েছে। ঝোড়ো মেজাজের ব্যাটিং প্রায় দেখাই যায় না। তাই বিশ্লেষকদের অনেকেই মনে করতেন, অধিনায়কত্বের বোঝায় হারিয়ে যাচ্ছে হরমনের ব্যাটিং।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha