Sunday, October 11, 2026
বাড়ি খেলা বৈভব নিয়মিত সুযোগ না পাওয়ায় চিন্তিত শেহবাগ

বৈভব নিয়মিত সুযোগ না পাওয়ায় চিন্তিত শেহবাগ

বৈভব নিয়মিত সুযোগ না পাওয়ায় চিন্তিত শেহবাগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১১ অক্টোবর :    সূর্যবংশীর ‘বৈভবে’ মুগ্ধ আসমুদ্রহিমাচল। মাত্র ১৫ বছর বয়সে তাঁর ব্যাটিং বিস্ময় জাগাচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে। বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তনরাও মুগ্ধ বৈভবে। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার কিছুটা উদ্বিগ্ন, কারণ জাতীয় টি-২০ দলে নিয়মিত সুযোগ পাচ্ছে না বৈভব । শেহওয়াগ মনে করছেন, বয়স কম বলেই বৈভবকে এখন সেভাবে সুযোগ দিচ্ছে না ম্যানেজমেন্ট। কিন্তু এমনটা হওয়া উচিত নয়।


আসলে বৈভবকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়মিত সুযোগ দিচ্ছে না। দেশের হয়ে এ পর্যন্ত আটটি টি-২০ ম্যাচ খেলেছে সে। ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছে বৈভব। এ হেন পারফরম্যান্সের পরও তাঁকে বেঞ্চে বসতে হচ্ছে। কোচ গম্ভীরের সাফ কথা, “হ্যাঁ জানি, ও দারুণ ফর্মে আছে। কিন্তু আমি ওকে বেশ কয়েকবার কথা বলে বুঝিয়েছি। অনেক প্লেয়ার দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়েছে, তাঁরা ভালো খেলছে। ওকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আজ যদি বৈভবকে খেলাই, তাহলে অভিষেক বা সঞ্জুর সঙ্গে অবিচার হবে। যাঁরা গত দেড়-দুই বছর ধরে দলকে জেতাচ্ছে, আজ ৩-৪ ম্যাচে ব্যর্থ হলে তাঁদের বসিয়ে দিতে পারি না। তাতে সামনে যতই ফর্মে থাকা তরুণ ক্রিকেটার থাকুক না কেন।”


কিন্তু টিম ম্যানেজমেন্টের এই অবস্থান নাপসন্দ শেহওয়াগের। তিনি মনে করছেন, স্রেফ বয়স কম বলেই বাদ পড়তে হচ্ছে বৈভবকে। প্রাক্তন ভারতীয় ওপেনারের কথায়, “বৈভব সেরা ছন্দে রয়েছে। ও অনেকটা আমার মতো করেই ভাবে। প্রথম বল থেকে মারো। ও কতটা সুযোগ পায়, ভারতের হয়ে কতগুলো ম্যাচ খেলতে পারে সেটাই দেখার।” শেহবাগ বলছেন, বৈভবকে খেলানোর ক্ষেত্রে ওই বয়সটা মাথায় রাখাই উচিত নয়। তিনি বলছেন, “ও তো আর বয়সভিত্তিক ক্রিকেট খেলছে না যে। সেটা হলে একটা মানে থাকত। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট হলে আপনার বয়স ১৯-এর নীচে হতেই হবে। কিন্তু আইপিএল বা ভারতের হয়ে খেললে বয়সের কথা মাথায় রাখা উচিত নয়।”


শেহওয়াগ মনে করেন ভারতীয় দলে খেলার ক্ষেত্রে পারফরম্যান্সটাই আসল বিচার্য, বয়স কোনওভাবেই নয়। বিরাট কোহলির উদাহরণ টেনে তিনি বলছেন, “৩৮ বা ৪০ বছরের কোহলি দিব্যি খেলেছে। ১৫ বছরের বৈভবও খেলছে। এখানে পারফরম্যান্সটাই তো আসল ব্যাপার।”


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha