স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১১ : জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। এবার কুলগামে মিরবাজারের কাছে সিআরপিএফ ক্যাম্প হামলা চালাল সন্ত্রাসবাদীরা। দুপুর দুটো নাগাদ বাইকে চড়ে ঘটনাস্থলে আসে দুই জঙ্গি। এরপর নাকা চেকিংয়ে সময় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ সিআরপিএফ জওয়ান। আহতদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে।
কাশ্মীরে প্রায় বছর খানেক পরে জঙ্গি হামলার ঘটনা ঘটল। আচমকা জঙ্গিরা গুলি চালালে পালটা জবাব দেয় সিআরপিএফ জওয়ানরা। এরপরই বাইক চালিয়ে পালিয়ে যায় দুই সন্ত্রাসবাদী। কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফের গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। নেপথ্যে লস্কর জঙ্গিরা থাকতে পারে। হামলার পরেই কুলগাম-সহ গোটা উপত্যকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
সিআরপিএফের তরফ এক বিবৃতিতে জানানো হয়েছে, “আজ বিকেলে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি তল্লাশি চৌকিতে (নাকা পয়েন্ট) মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় হামলাকারীরা গুলি চালায়। এই ঘটনায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তিন সদস্য আহত হয়েছেন।”
সিআরপিএফ সূত্রে আহত জওয়ানদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন পশ্চিমবঙ্গের সন্তোষ চাঁদু, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের বাসিন্দা সোমবীর সিং। বাংলার জওয়ানের কোমর ও মেরুদণ্ডে গুলি লেগেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুধবারের হামলার মূলচক্রী লস্কর জঙ্গি মহম্মদ লতিফ ভাট। তার মাথার দাম ২৪ লক্ষ টাকা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান