নয়াদিল্লি,
৯ নভেম্বর
(হি.স.):
ক্যান্সার আক্রান্ত রোগী ও তাঁদের পরিবারগুলির আর্থিক বোঝা লাঘব করতে এক ঐতিহাসিক পদক্ষেপ কার্যকর করল কেন্দ্রীয় সরকার। সোমবার,
৯ নভেম্বর থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে সংশোধিত সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি
(এনপিপিএ)-র
‘ট্রেড মার্জিন রেশনালাইজেশন’
(টিএমআর)
নীতির আওতায় ১৩৭টি নন-শিডিউলড অ্যান্টি-ক্যান্সার ওষুধের বাণিজ্যিক মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে দেশজুড়ে ১,৩৬৪টি অ্যান্টি-ক্যান্সার ফর্মুলেশনের দাম একধাক্কায় অনেকটাই কমে গেল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস
(ডিজিএইচএস)-এর বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই ট্রেড মার্জিন ক্যাপ কার্যকর করেছে কেন্দ্রীয় সার ও রাসায়নিক মন্ত্রক। ওষুধ কোম্পানিগুলি যে অতিরিক্ত মুনাফা বা কমিশন রাখত,
তার ওপর সরকারি লাগাম টানায় ক্যান্সার চিকিৎসার অত্যন্ত ব্যয়বহুল কেমোথেরাপি ও টার্গেটেড থেরাপির ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সরকারি হিসেবে,
এই পদক্ষেপে সাধারণ গ্রাহকদের বছরে আনুমানিক সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি অর্থ সাশ্রয় হবে।
এনপিপিএ-র নির্দেশিকায় জানানো হয়েছে,
প্রতিটি হাসপাতাল,
নার্সিংহোম,
খুচরো ও পাইকারি ওষুধ বিক্রেতাদের তাদের নিজস্ব চত্বর এবং ওয়েবসাইটে সংশোধিত মূল্যের তালিকা স্পষ্টভাবে ঝুলিয়ে রাখতে হবে। রাজ্য ড্রাগ কন্ট্রোলারদের এই নির্দেশিকা কঠোরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষ ও রোগীরা কেন্দ্রের
‘ফার্মা সহি দাম’
মোবাইল অ্যাপ কিংবা এনপিপিএ-র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ওষুধের সঠিক দাম যাচাই করতে পারবেন এবং কোথাও পুরনো চড়া দামে ওষুধ বিক্রি হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান