স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৯ : প্রয়াত হয়েছেন পাঞ্জাবের জেলবন্দি সাংসদ অমৃতপাল সিংয়ের ঠাকুমা। এই অবস্থায় তিনি যাতে প্রিয়জনের শেষকৃত্যে যোগ দিতে পারেন, তার জন্য প্যারোল চেয়ে আদালতের দ্বারস্থ হল পরিবার ও তাঁর দল। অমৃতপালের মুক্তি চেয়ে ৩ দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে শেষকৃত্য। এই ইস্যুতে পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন আকালি দল ওয়ারিস পঞ্জাব দে (এডি-ডব্লিউপিডি) নেতারা। মানবিক কারণে সাংসদ যাতে প্যারোল পান সেই আর্জি জানানো হবে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমৃতপালের বাবা তরসেম সিং বলেন, “গোটা পরিবার সরকারের মুখ চেয়ে বসে। আমার ভাই বাথিন্ডা জেলে বন্দি। অমৃতপালের ভাইও জেলবন্দি। আমরা সমস্ত বিকল্প ভাবছি। মরদেহ তিনদিনের জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করছি।” ছেলেকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনার সমালোচনা করে তরসেম বলেন, “এনআইএ বলেছে ওকে আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। তার পরও মুক্তি দেওয়া হচ্ছে না। ও ওর ঠাকুমাকে হারিয়েছে, এটা আমাদের কাছে এক আবেগঘন মুহূর্ত।” এই অবস্থায় সরকারের পাশাপাশি আদালতের দ্বারস্থ হচ্ছে পরিবার ও দল।
পরিবারের তরফে জানা যাচ্ছে, অমৃতপালের ঠাকুমা ৮৭ বছর বয়সি চরণ কৌর। প্রায় ৩ মাস ধরে অসুস্থ থাকার পর মৃত্যু হয়েছে তাঁর। এর আগে ঠাকুমা অসুস্থ থাকাকালীন অমৃতপালের অন্তর্বর্তী জামিন চেয়ে আবেদন জানিয়েছিল পরিবার। জামিন না মিললেও গত ৭ অক্টোবর অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে বন্দি সাংসদকে ১০ মিনিটের জন্য ঠাকুমার সঙ্গে ভিডিও কলে কথা বলার অনুমতি দেওয়া হয়। এবার শেষকৃত্য তিন দিনের জন্য পিছিয়ে বাড়ির ছেলে ফেরার অপেক্ষায় পরিবার। এপ্রসঙ্গে ডাখার বিধায়ক মনপ্রীত সিং আয়ালি বলেন, অমৃতপাল একজন নির্বাচিত সাংসদ, যাঁকে তাঁর কেন্দ্রের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন।
উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং লকআপে হামলা চালানোর অভিযোগে ২০২৩ সালের ২৩ এপ্রিল পাঞ্জাবের মোগা থেকে গ্রেপ্তার করা হয় অমৃতপালকে। জাতীয় নিরাপত্তা আইনে জেলবন্দি হন তিনি। জেলে থাকাকালীনই লোকসভা ভোটে লড়তে আবেদন জানিয়েছিলেন পঞ্জাবের এই খলিস্তানি নেতা। আদালত সেই অনুমতি দেয়। এর পর খাদুর সাহিব আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে জয়ী হন তিনি। যদিও পাঞ্জাব সরকার পরে এনএসএ প্রত্যাহার করে নেয়, তবুও অন্যান্য অভিযোগে জেলে রয়েছেন এই সাংসদ। ২০২৪ সালের জুলাই মাসে মাদক পাচারের চেষ্টার অভিযোগে খলিস্তানি সাংসদ অমৃতপাল সিংয়ের ভাইকেও গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান